২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য অধিদপ্তরের নিয়োগে মৌখিকে নম্বর বাড়ানো বাতিল

খাদ্য অধিদপ্তরের প্রায় ৮ শতাধিক পদে নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 07:29 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

জনস্বার্থে দায়ের করা এই রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ পর‌্যবেক্ষণ দিয়ে নিষ্পত্তি করে।

আইন ও সালিশ কেন্দ্রের সাধারণ সম্পাদক জেড আই খান পান্না রিট আবেদনটি দায়ের করেন।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন শাহদীন মালিক। আদালতে অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৩ সালের ৩ অক্টোবর এই রিট আবেদনে রুল জারি করে আদালত। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে রিট আববেদনের নিষ্পত্তি করে পর‌্যবেক্ষণে এই রায় আসে।

২০১০ সালের ২১ সেপ্টেম্বর খাদ্য অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। ওই বিজ্ঞপ্তিতে ৩২৮ জন খাদ্য পরিদর্শক, ১৭৫ জন উপ খাদ্য পরিদর্শক এবং ৪০৩ জন সহকারী উপ খাদ্য পরিদর্শক নিয়োগের কথা রয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে ২০১১ সালের ২৩ ডিসেম্বর খাদ্য পরিদর্শক ও উপ খাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা হয়। ২০১২ সালের ২৫ মে সহকারী উপ খাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা হয়।

বিজ্ঞপ্তিতে ৮০ শতাংশ নম্বরের লিখিত পরীক্ষা ও ২০ শতাংশ নম্বরের মৌখিক পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছিল।

লিখিত পরীক্ষার পর ২০১৩ সালের জুনে ওই নিয়ম বদলে লিখিত পরীক্ষায় ৭০ শতাংশ এবং মৌখিক পরীক্ষায় ৩০ শতাংশ নম্বর দেয়ার নিয়ম করা হয়, যাকে চ্যালেঞ্জ করে আদালতে যায় আইন সালিশ কেন্দ্র।

রিট আবেদনে বলা হয়, এই তিন পদের বাইরে আরো কয়েক ধরনের পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল, যেখানে মৌখিক পরীক্ষায় ২০ শতাংশ নম্বরই দেয়া হয়েছে।

শাহদীন মালিক বলেন, “লিখিত পরীক্ষার পর নম্বর কমিয়ে মৌখিকে নম্বর বাড়ানো হয়েছে অসৎ উদ্দেশ্যে। এ কারণে আমরা জনস্বার্থে মামলা দায়ের করেছি। আদালত নম্বর বণ্টনকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছেন।”

তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে এ ধরনের মামলা বাংলাদেশের উচ্চ আদালতে আর হয়নি। ভারতে এ ধরনের অনেক মামলা রয়েছে।