২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে জয়পুরহাটে বিক্ষোভ

১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণার পর জয়পুরহাটে বিক্ষোভ করেছে জামায়াত-শিবির।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 06:49 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় দেয়া এ রায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ ১৪ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইবুন্যাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমান।

২০০৪ সালের ১ এপ্রিল রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদী তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব অস্ত্র ও গোলাবারুদের সর্ববৃহৎ চালান ধরা পড়ার পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সে সময় নিজামী জোট সরকারের শিল্পমন্ত্রী ছিলেন।

জেলার সদর থানার সাব-ইন্সপেক্টর কায়কোবাদ ও আব্দুল হাকিম জানান, বিকেল ৩টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ‘পল্লী বিদ্যুৎ এলাকায়’ জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের গাড়ি লক্ষ্য করে ৭/৮টি হাতবোমা বিস্ফোরণ করে  বিক্ষোভকাররীরা।

পরে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে ১১ রাউন্ড টিয়ার সেল ছোড়ে।

প্রায় পৌনে এক ঘণ্টা যানবাহন বন্ধ থাকার পর পুলিশ রাস্তা থেকে গুঁড়ি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জয়পুরহাট সদর ধানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ মামলায় ফাঁসির আদেশ পাওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুর রহীম এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া।