‘এ রায়ের ফলে অপরাধ করার আগে ভাবতে হবে’
দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার রায়ে বর্তমান সরকারের আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালতে দশ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়া জানান তিনি।
ফাইল ছবি
সচিবালয়ে মন্ত্রী বলেন, “বর্তমান সরকারের আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার, এই রায়ে তাই প্রতিফলিত হয়েছে। এই রায়ের ফলে যাদের অপরাধ প্রবণতা রয়েছে এবং এই ধরনের অপরাধ করতে চান তাদের ভাবতে হবে।”
দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতে ইসলামীর আমির ও জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং বিএনপি নেতা ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
ফাঁসির আদেশ পাওয়া এই ১৪ জনের মধ্যে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুর রহীম এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াও রয়েছেন।
অস্ত্র আইনের একটি ধারায় তাদের সবার যাবজ্জীবন কারাদণ্ড ও আরেকটি ধারায় সাত বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইবুন্যাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমান দুপুরে এই রায় ঘোষণা করেন।
আইনমন্ত্রী বলেন, এই বিপুল পরিমাণ অস্ত্র চোরাচালানের ঘটনা বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের একটি উচ্চ পর্যায়ের সম্পৃক্ততায় করা অপরাধ। সন্ত্রাসকে উসকে দেয়ার জন্য এটা করা হয়।
আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় দিয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
চারদলীয় জোট সরকারের আমলে এসব অস্ত্র ধরা পড়ায় তারা ধন্যবাদ পেতে পারে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা ভালো করেই জানি কিভাবে এগুলো ধরা পড়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে এ অপরাধ করা হয়েছিল। এই সব অস্ত্র দিয়ে একটি মিনি ক্যান্টনমেন্ট হতো।”
২০০৪ সালের ১ এপ্রিল রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদী তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব অস্ত্র ও গোলাবারুদের সর্ববৃহৎ চালান ধরা পড়ার পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রায়ে তদন্তের প্রতিফলন এসেছে: তদন্ত কর্মকর্তা
