দুদক আইন: সরকারি কর্মচারী-জজদের বিশেষ সুবিধা বাতিল
সংশোধিত দুদক আইনের ৩২ (ক) ধারা বাতিল ও সংবিধান বহির্ভূত ঘোষণা করেছে হাই কোর্ট, যে ধারায় সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং জজ ও ম্যাজিস্ট্রেটদের বিশেষ ‘সুবিধা’ দেয়া হয়েছিলো।
এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।
গত ১১ নভেম্বর ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১৩’ সংসদে পাস হয়। এর ৩২ (ক) ধারায় বলা হয়, সরকারি কর্মকর্তা কর্মচারী, জজ ও ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে সরকারের অনুমোদন ছাড়া দুর্নীতির মামলা দায়ের করা যাবে না।
এই সংশোধনীর পর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এম বদিউজ্জামান আইন সংশোধনের সমালোচনা করেছেন। টিআইবিসহ বিভিন্ন নাগরকি সংগঠনও এর সমালোচনা করে আসছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ গত ২৫ নভেম্বর হাই কোর্টে একটি রিট করলে আদালত ওইদিনই রুল দেয়। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় এল।
রিটে বাদী হিসাবে রয়েছেন, আসাদুজ্জামান সিদ্দিকী, একলাস উদ্দিন ভূঁইয়া, সরওয়ার আহাদ চৌধুরী এবং মাহাবুবুল ইসলাম। চার বাদীই হাই কোর্টের আইনজীবী।
এই রিটে আবেদনকারীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় ও সহকারি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।
মনজিল মোরসেদ বলেন, সংবিধানে সকলকে সমান অধিকার দেয়া হয়েছে। কোন গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিয়ে আইন করা বৈষম্যমূলক। তাই এই আইন বাতিলযোগ্য। আদালত আইনের বৈষম্যমূলক সংশ্লিষ্ট ধারা বাতিল করে দিয়েছে।
“২০০৪ সালের আইনে সুস্পষ্টভাবে কমিশনের স্বাধীনতার কথা বলা হয়েছে। এই আইনের ২০(১) ধারায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধিতে যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীনে অপরাধ কমিশন কর্তৃক তদন্তযোগ হবে।”
“সংবিধানের ২৭ অনুচ্ছেদে সকল নাগরিককে সমান বলা হয়েছে। কিন্তু এই সংশোধনীতে জজ, ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মচারীদের বিশেষ সুরক্ষা দেয়া হয়েছে। এটা বৈষম্যমূলক। এর মাধ্যমে নাগরিকের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে।”
রিটে বলা হয়, সরকারি কর্মচারী এবং জজ ম্যাজিস্টেটদের বিশেষ এই সুবিধা সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে ছিলো না। উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের রক্ষার জন্য পরে এটা যুক্ত করা হয়।
“দুদক আইনের ২৪ ধারায় দায়িত্ব পালনে কমিশনকে স্বাধীনতা দেয়া হয়েছে। ৩২(ক) যুক্ত করে সেই স্বাধীনতা খর্ব করা হয়েছে। দুর্নীতি মামলা দায়ের ও তদন্তে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা রক্ষা পেলে এই আইনের উদ্দেশ্য অনেকখানি ব্যর্থ হবে।”
২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি দুদক আইন সংশোধনে একটি বিল সংসদে উত্থাপন করেন মতিয়া চৌধুরী। পরে এটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
এ বিলের প্রতিবেদন চূড়ান্তে সংসদীয় কমিটি অভিজ্ঞতার জন্য অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করে দেশগুলোর এ সংক্রান্ত আইন পর্যালোচনা করে।
এছাড়া কমিটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে মত বিনিময় করে গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদে প্রতিবেদন জমা দেয়।
সংসদে উত্থপিত বিলে সরকারি কর্মচারী, জজ ও ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে সরকারের অনুমোদন ছাড়া দুর্নীতির মামলা দায়ের করা যাবে না- এমন বিধান থাকলেও পরে সংসদীয় কমিটি সেটা বাতিল করে।
তবে গত ১১ নভেম্বর সরকারি দলের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির এ সংক্রান্ত সংশোধনী দিলে মতিয়া চৌধুরী তা গ্রহণ করেন। এতে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা দেয়া হয়।
বিলের উদ্দেশ্য সম্পর্কে সে সময় মতিয়া চৌধুরী বলেন, “দুর্নীতি প্রতিরোধে দুদককে আরও শক্তিশালী, জবাবদিহিতাসম্পন্ন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪- এর অধিকতর সংশোধনের উদ্দেশে বিলটি আনা হয়েছে। প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে দুদকের কার্যক্রমের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।”
