২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে হাতবোমা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বর্ধিত ফি’ ও ‘সান্ধ্যকোর্স’ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের তৃতীয় দিন সকালে শিক্ষার্থীদের লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 11:36 AM

Updated : 01 Sep 2026, 12:19 PM

প্রত্যক্ষদর্শী ছাত্র-ছাত্রীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের বাসভবন, প্রথম বিজ্ঞান ভবন ও রবীন্দ্রকলা ভবনের সামনে একই সময়ে তিনটি হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

এ সময় উপ-উপাচার্যের বাসভবনের সামনে একটি অবিস্ফোরিত হাতবোমা পাওয়া যায়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।

মতিহার থানার ওসি শামসুর নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে। আমরা খতিয়ে দেখছি। তবে বোমায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

বিস্ফোরণের পরপরই আন্দোলনরত কয়েক হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশে মিলিত হয়।

আন্দোলন রুখতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু কর্মচারী দিয়ে এই হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে সমাবেশ থেকে অভিযোগ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র আয়তুল্লাহ খোমেনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আমাদের আন্দোলনকে নসাৎ করার পাঁয়তারা করা হয়েছিল। কিন্তু প্রশাসনের জেনে রাখা উচিত কোনো বাধাতে আমরা দাবি আদায় থেকে পিছপা হবো না।”

অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে প্রশাসন জড়িত নয়। এটি কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আন্দোলনকে ঘিরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে ক্লাশ-পরীক্ষা বর্জন করে ধর্মঘট শুরু করেছে ছাত্র-ছাত্রীরা। তবে প্রশাসনিক কার্যক্রম ও বিশ্ববিদ্যালয় পরিবহন চলাচল করতে পারবে।

দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।

‘বর্ধিত ফি প্রত্যাহার ও বাণিজ্যিক সান্ধ্য কোর্স বিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে গত মঙ্গলবার থেকে এ আন্দোলন চলছে।