২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় ঘোষণা শুরু

নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১০ বছর অপেক্ষার পর বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 10:56 AM

Updated : 01 Sep 2026, 12:19 PM

১০ ট্রাক অস্ত্র মামলার রায়ের অপেক্ষা

গুলি থেকে রকেট লঞ্চার, সবই ছিল ট্রাকে

দশ ট্রাক: সেই রাতের কথা

দশ ট্রাক অস্ত্র মামলার আসামি যারা

চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইবুন্যাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমান বৃহস্পতিবার বেলা ১২টা ২৬ মিনিটে জনাকীর্ণ আদালকে চাঞ্চল্যকর এই মামলার রায় পড়া শুরু করেন।

এর আগে এ মামলার আসামি জামায়াতে ইসলামীর আমির ও জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং বিএনপি নেতা ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কারাবন্দি ১১ জনকে কাঠগড়ায় তোলা হয়।

রায়ের জন্য বুধবারই নিজামী ও বাবরকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে এই দুইজনসহ ১১জনকে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয় আদালতে।

এজলাস কক্ষে নেয়ার পর নয় আসামিকে কাঠগড়ায় তোলা হলেও নিজামী ও বাবর কাঠগড়ার পাশে টুলে বসে পড়েন। পরে পুলিশের অনুরোধে সাড়ে ১১টার দিকে তারা কাঠগড়ায় ঢোকেন। সেখানে তাদের দুজনকে চেয়ারে বসতে দেয়া হয়।

নিজামী, বাবর এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইর সাবেক দুই প্রধানসহ মোট ৫২ জন অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের দুই মামলার আসামি। তাদের মধ্যে ২৯ জন জামিনে আছেন, পলাতক রয়েছেন ১২ জন।

চোরাচালান মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনে সর্বোচ্চ যাবজ্জীবন সাজার বিধান রয়েছে।

কাঠগড়ায় উপস্থিত বাকি নয় আসামি হলেন- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুর রহীম, সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিন আহাম্মদ, সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ।

১২ পলাতক আসামি হলেন- নুরুল আমিন, পরেশ বড়ুয়া, মোহাম্মদ সিরাজুল ইসলাম, হেলাল উদ্দিন, আবদুর রহিম মাঝি, মোহাম্মদ শাজাহান, মোহাম্মদ সবুর, শাহ আলম, হাজী সোবহান, প্রদীপ কুমার দাশ, নুর নবী ও বাবুল মিয়া।

এছাড়া  জামিনে আছেন মজিবুর রহমান, শেখ আহাম্মদ, বশর মিয়া, বাদশা, কামাল মিয়া, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর, মরিয়ম বেগম, মোহাম্মদ আজিজ, কবির আহাম্মদ, মোহাম্মদ রফিক, মনির আহমদ, আবদুল মালেক, মঞ্জুরুল আলম, ফিরোজ আহমেদ, সাইফুদ্দিন, এজাহার মিয়া, ফজল আহমদ, আকবর আলী, ছালে জহুর, সানোয়ার হোসেন, দিলদার হোসেন, নুরুল আবছার, আবদুল মান্নান, ওসমান গনি ও হাজি আবদুস সোবহান।

২০০৪ সালের ১ এপ্রিল রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদী তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব অস্ত্র ও গোলাবারুদের সর্ববৃহৎ চালান ধরা পড়ার পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে তদন্তে দেখা যায়, চীনে তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘উলফা’র জন্য আনা হয়েছিল; বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল এই চালান।

দফায় দফায় তদন্ত কর্মকর্তা বদল এবং নানা চড়াই-উৎরাই পেরিয়ে এ বছরের ১৩ জানুয়ারি আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপন শেষে বিচারক ৩০ জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেন। এর আগে ২০১১ সালের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ২৯ নভেম্বর থেকে আবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব সাক্ষ্য-প্রমাণে আসামিদের যুক্ত থাকার বিষয় প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ শাস্তিই প্রত্যাশা করছি।”

পিপি কামাল বলেন, বিএনপি-জামায়াত আমলে বিপুল পরিমাণ অস্ত্রের চালান ধরা পড়ার ঘটনা নজিরবিহীন। এসব অস্ত্র নিরাপদে ভারতে পাচারের জন্য ডিজিএফআই ও এনএসআইকে ব্যবহার করা হয়েছে।

জোট সরকারের সময় গঠিত কমিটিসহ তৎকালীন পুলিশী তদন্তে বিষয়গুলো উঠে আসেনি উল্লেখ করে তিনি বলেন, তখনকার শিল্পমন্ত্রী নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের জ্ঞাতসারেই এসব অস্ত্র আনা হয়। তারা বিভিন্ন সময়ে আসামিদের বাঁচানোর চেষ্টা করেছেন, যা তদন্তে উঠে এসেছে।

চোরাচালান মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনে যাবজ্জীবন সাজা নির্ধারিত বলে জানান সরকারের এই কৌঁসুলি।

এই রায়কে কেন্দ্র করে বুধবার থেকেই চট্টগ্রাম আদালত ভবন ও আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে আদালত ভবন ও তার আশে পাশের এলাকায় সাধারণ জনগণের চলাচল সীমিত করা হয়। আদালতে যারা আসছেন, তাদের ঢুকতে দেয়া হয় তল্লাশি করে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মঞ্জুর মোর্শেদ জানান, আদালত ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও আশেপাশের এলাকায় অন্তত ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের পাশাপাশি, আনসার, এবিপিএন ও র্যাব সদস্যরাও মোতায়েন রয়েছে বলে জানান তিনি।