২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপি নেতা নিহত

নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 10:38 AM

Updated : 01 Sep 2026, 12:19 PM

জেলার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে আমিশাপাড়া ইউনিয়নের মেডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম তৌহিদ (৪২) উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি ওই ইউনিয়নের ভদ্রগাও গ্রামে।

পুলিশ সুপার বলেন, তৌহিদ সোনাইমুড়ি থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। বুধবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তারের পর রাতে তাকে নোয়াখালী নিয়ে আসা হয়েছিল।

“বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে তৌহিদকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি কাটা বন্দুকসহ কয়েকটি গুলি উদ্ধার করে পুলিশ। সেখান থেকে থানায় ফেরার পথে তৌহিদের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের দিকে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।”

এ সময় তৌহিদসহ দুই কনস্টেবল গুলিবিদ্ধ হন। তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর ৪টার দিকে চিকিৎসক তৌহিদকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ সুপার জানান।

আহত কনস্টেবল কনক চাকমা ও আবদুস সালামকে পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

অবশ্য নোয়াখালী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন হাসপাতালের জরুরি বিভাগে তৌহিদের লাশ রেখে চলে যায়।

সোনাইমুড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল বলেন, তৌহিদুলসহ কয়েকজনকে নিয়ে বুধবার তিনি জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকেই র‌্যাব পরিচয়ে কয়েকজন তৌহিদকে ধরে নিয়ে যায়।

“আমরা জানতে পারি তৌহিদকে পল্টন থানা পুলিশের হেফাজত থেকে রাতে সোনাইমুড়িতে পাঠানো হয়। এরপর অনেক চেষ্টা করেও তার অবস্থান আমরা জানতে পারিনি।”

ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী সদর হাসপাতালে লাখা হয়েছে।