ইউসুফ মুন্সী ‘নাম ভাঁড়িয়ে’ সোহেল, ইদ্রিস তার ভাই
কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের ১৬ কোটি টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার হাবিবুর রহমান সোহেলের এটি আসল নাম নয় বলে জানা গেছে। সেই সঙ্গে প্রকাশ পেয়েছে, গ্রেপ্তার ইদ্রিস তারই সহোদর।
পটুয়াখালী সদরের গাবুয়া গ্রামে সোহেল ওরফে হাবিবের বাড়ি, যেখানে তার মা থাকেন। পটুয়াখালী সদরের গাবুয়া গ্রামে সোহেল ওরফে হাবিবের বাড়ি, যেখানে তার মা থাকেন।
টাকাসহ গ্রেপ্তার সোহেল (ডানে) ও ইদ্রিস টাকাসহ গ্রেপ্তার সোহেল (ডানে) ও ইদ্রিস
সুড়ঙ্গ তৈরিতে ২ বছর, চুরির পর ধরা ২ দিনে
ব্যাংকে চুরির ‘হোতা’ গ্রেপ্তার, টাকা উদ্ধার
ব্যাংকে চুরির ‘হোতা’ সোহেলকে গ্রেপ্তারের পর পটুয়াখালীতে তার মা এবং স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়।
সোহেলের মা সুফিয়া বেগম আরো জানিয়েছেন, তার ছেলে পটুয়াখালীতে একটি বিয়ে করার পর দুবাই যায়, বিদেশ তেকে ফিরে কিশোরগঞ্জে দ্বিতীয় বিয়ে করে বাড়ির সঙ্গে আর যোগাযোগ রাখেনি।
গত রোববার চুরির ঘটনা প্রকাশের পর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কদমতলীর একটি বাড়ি থেকে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছিল, গ্রেপ্তার সোহেল ওরফে হাবিব এই ঘটনার হোতা এবং ইদ্রিস তার সাবেক সহকর্মী।
সোহেলের বাড়ি পটুয়াখালী জানার পর স্থানীয় পুলিশ কর্মকর্তারা বিষয়টির তদন্তে গিয়ে নতুন এসব তথ্য পান। পরে গাবুয়া গ্রামে তার বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কথা বলে তা নিশ্চিত হওয়া যায়।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা মৃত সিরাজ মুন্সীর বড় ছেলে ইউসুফ মুন্সী, যে সোহেল নাম নিয়ে রয়েছে। আর গ্রেপ্তার ইদ্রিস তারই আপন ছোট ভাই।
গাবুয়া গ্রামে গিয়ে দেখা যায় টিনের একটি ঘরে থাকেন সুফিয়া, যার স্বামী সিরাজ মুন্সী ২২ বছর আগে মারা যান।
স্বামীর মৃত্যুর পর তিন সন্তান ইউসুফ, ইদ্রিস ও আনিস মুন্সীকে নিয়ে ঢাকায় পাড়ি জমান সুফিয়া। ইট-পাথর ভাঙার কাজ শুরু করেন তিন সন্তানকে নিয়ে।
সুফিয়া জানান, দুই বছর ঢাকায় থেকে থেকে কিছু টাকা জমিয়ে ছোট ছেলে আনিসকে নিয়ে তিনি বাড়ি ফিরলেও ইউসুফ ও ইদ্রিস থেকে যায় ঢাকায়।বাড়ি ফেরার বছর খানেক পর আনিস মারা যায়।
ইউসুফ ১৩ বছর আগে পাশের গ্রাম পাংগাশিয়ায় বিয়ে করেন বলে সুফিয়া জানান। তিনি বলেন, এরপর ইউসুফ তার নাম বদলে হাবিবুর রহমান সোহেল রেখে দুবাই চলে যায়।
“সেখানে থেকে কয়েক বছর পর দেশে ফিরে কিশোরগঞ্জে আবার বিয়ে করে ইউসুফ। এরপর থেকে প্রথম স্ত্রীর ভরণ-পোষণ দেয়া দূরের কথা, বাড়ির সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেয় সে।”
পটুয়াখালীতে দাদা ও নানার বাড়িতে থাকছে সোহেলের প্রথম স্ত্রী, তার দুটি ছেলে-মেয়ে রয়েছে।
ইদ্রিসের সঙ্গে গত মঙ্গলবার ফোনে কথা হয়েছিল বলে জানান সুফিয়া। ছেলে তাকে বলেছিল, স্ত্রী ও নবজাতক সন্তানকে বাড়িতে পাঠাবে সে।
তবে তার আগেই মঙ্গলবার বিকালে র্যাবের অভিযানে ধরা পড়েন ইদ্রিস ও তার ভাই।
ছেলের চুরির কথা শুনে ভেঙে পড়লেও এই ঘটনার শাস্তি চান বয়োবৃদ্ধ সুফিয়া। তবে তার দাবি, ছেলেরা এত বড় ঘটনা একা ঘটাতে পারে না। এর পেছনে অন্য কেউ রয়েছে।
এই ডাকাতিতে আর যারা জড়িত, তাদের সবার শাস্তি চেয়েছেন সুফিয়া।
