২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ৫

রাজধানীর মিরপুর ও উত্তরায় পৃথক অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 12:49 AM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার সন্ধ্যায় মিরপুরের পূর্ব মনিপুর থেকে তিনজনকে এবং রাত ৮টার দিকে উত্তরার পাঁচ নম্বর সেক্টর থেকে অপর দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানান হয়।

এতে আরো বলা হয়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে পূর্ব মনিপুরে একটি বাসা থেকে ইয়াছিন খন্দকার (৪০), আবুল হোসেন (৪১) ও আব্দুল জলিলকে (৩৯) গ্রেপ্তার করে র‌্যাব-২ সদস্যরা।

এসময় ওই বাসা থেকে প্রায় সাত লাখ টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা গত তিনমাস ধরে ওই বাসায় অবস্থান করে ভিওআইপির কারসাজি চালাচ্ছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

এদিকে রাত ৮টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টরের ৬/এ সড়কের একটি বাসা থেকে মোশাররফ হোসেন (৩৫), নুরুদ্দীন ইসলামকে (৪৫) গ্রেপ্তার করে র‌্যাব।

সেখান থেকেও প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।