২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র মামলার রায়ের অপেক্ষা

নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১০ বছর অপেক্ষার পর বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় হতে যাচ্ছে বৃহস্পতিবার।

মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 12:48 AM

Updated : 01 Sep 2026, 12:19 PM

১০ ট্রাক অস্ত্র মামলা: নিজামী, বাবর চট্টগ্রামে

১০ ট্রাক অস্ত্র: গুলি থেকে রকেট লঞ্চার

দশ ট্রাক অস্ত্র মামলার আসামি যারা

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের এই ঘটনায় অস্ত্র এবং বিশেষ ক্ষমতা আইনে করা দুটি মামলার রায় ঘোষণা করবেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান।

ওই দুই মামলার মোট ৫২ আসামির মধ্যে রয়েছেন- যুদ্ধাপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামীর আমির ও জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, বিএনপি নেতা ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র সাবেক দুই প্রধান।

চীনে তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘উলফা’র জন্য আনা হয়েছিল; বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে এই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল বলে মামলার তদন্তে উঠে এসেছে।

২০০৪ সালের ১ এপ্রিল রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদী তীরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে এসব অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব অস্ত্র ও গোলাবারুদের সর্ববৃহৎ চালান ধরা পড়ার পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রাজনৈতিক চাপসহ বিভিন্ন কারণে কয়েক দফায় তদন্ত কর্মকর্তা (আইও) পরিবর্তনের পর গত তত্ত্বাবধায়ক সরকার আমলে সাতটি নির্দেশনার ভিত্তিতে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত।

২০০৯ সালের ২৯ জানুয়ারি সর্বশেষ ও পঞ্চম আইও হিসেবে সিআইডির জ্যেষ্ঠ এএসপি মনিরুজ্জামান চৌধুরী এই মামলার দায়িত্ব পান। ১৩ দফা তদন্তের সময় বাড়ানোর পর ২০১১ সালের ২৬ জুন আদালতে মামলা দুটির সম্পূরক অভিযোগপত্র জমা দেন তিনি।

এতে নিজামী, বাবর ও এনএসআইর সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করা হয়।

মনিরুজ্জামানের তদন্তে উলফার জন্য অস্ত্র আনার এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র কয়েকজন কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে এসব অস্ত্র-গোলাবারুদের চালান খালাসের বিষয়টি উঠে আসে।

এ বছরের ১৩ জানুয়ারি আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি উপস্থাপন শেষে বিচারক ৩০ জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেন। এর আগে ২০১১ সালের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ২৯ নভেম্বর থেকে আবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে বিচার কাজ শেষ হয়েছে, বৃহস্পতিবার আদালত রায় দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সব সাক্ষ্য-প্রমাণে আসামিদের যুক্ত থাকার বিষয় প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ শাস্তিই প্রত্যাশা করছি।”

পিপি কামাল বলেন, বিএনপি-জামায়াত আমলে বিপুল পরিমাণ অস্ত্রের চালান ধরা পড়ার ঘটনা নজিরবিহীন। এসব অস্ত্র নিরাপদে ভারতে পাচারের জন্য ডিজিএফআই ও এনএসআইকে ব্যবহার করা হয়েছে।

জোট সরকারের সময় গঠিত কমিটিসহ তৎকালীন পুলিশী তদন্তে বিষয়গুলো উঠে আসেনি উল্লেখ করে তিনি বলেন, তখনকার শিল্পমন্ত্রী নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের জ্ঞাতসারেই এসব অস্ত্র আনা হয়। তারা বিভিন্ন সময়ে আসামিদের বাঁচানোর চেষ্টা করেছেন, যা তদন্তে উঠে এসেছে।

চোরাচালান মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনে যাবজ্জীবন সাজা নির্ধারিত বলে জানান সরকারের এই কৌসুলি।

সম্পূরক অভিযোগপত্রে নতুন আসামি ১১

নতুন করে ১১ আসামি যুক্ত হওয়ায় সম্পূরক অভিযোগপত্রে অস্ত্র আইনের মামলায় ৫০ এবং চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি দাঁড়ায় ৫২ জনে। আগের অভিযোগপত্রের আসামিদের কাউকে এতে বাদ দেয়া হয়নি।

আগের সম্পূরক অভিযোগপত্রে অস্ত্র মামলায় ৪৩ এবং চোরাচালান মামলায় ৪৫ জনকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে উভয় মামলার চারজন করে আসামি মারা গেলে তাদের অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়।

নতুন ১১ আসামি হলেন- এনএসআইর তৎকালীন মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমেদ, সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপিনেতা লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন ও উলফা নেতা পরেশ বড়ুয়া।

এর মধ্যে নুরুল আমিন ও পরেশ বড়–য়া ছাড়া বাকি সবাই কারাগারে আটক আছেন।

গ্রেপ্তার থাকা আসামিদের মধ্যে ছয়জন ঘটনার বর্ণনা দিয়ে আদালতে আটটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সাক্ষী ২৬৫ জন

অস্ত্র ও চোরাচালান দুই মামলাতেই সাক্ষী করা হয়েছে ২৬৫ জনকে, যাদের মধ্যে ২০ জন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অধিকতর তদন্তের পর শুরু হওয়া সাক্ষ্যে রাষ্ট্রপক্ষ অস্ত্র মামলায় ৫৬ এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৫৩ জনের সাক্ষ্য নেয় আদালত।

জড়িত মন্ত্রী ও গোয়েন্দা কর্মকর্তারা

জোট সরকারের আমলে করা তদন্তে মন্ত্রী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নাম উঠে না এলেও আইও মনিরুজ্জামানের অধিকতর তদন্তে তা উঠে আসে।

তৎকালীন শিল্পমন্ত্রী ও জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জ্ঞাতসারেই এই চালান খালাস হয় বলে তদন্তে উঠে আসে।

এছাড়া গোয়েন্দা সংস্থা এনএসআইর সাবেক মহাপরিচালক আবদুর রহিম, ডিজিএফআই’র তৎকালীন পরিচালক (পরবর্তীতে এনএসআই’র মহাপরিচালক) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইর সাবেক পরিচালক শাহাবুদ্দিন, উপ-পরিচালক লিয়াকত হোসেন ও মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামিদের মধ্যে লিয়াকত ‘আবুল হোসেন’ পরিচয় দিয়ে সিইউএফএল জেটিঘাটে উপস্থিত থেকে অস্ত্র খালাস তদারকি করেন। এছাড়া অস্ত্র গোলাবারুদ ট্রলার থেকে খালাসের পর বহনের জন্য সাতটি ট্রাক ভাড়া করেন আকবর হোসেন খান ।

মনিরুজ্জামান দায়িত্ব গ্রহণের পর সম্পূরক অভিযোগপত্রভুক্ত ১১ আসামির মধ্যে নিজামী-বাবর ছাড়া বাকি সাতজনকে গ্রেপ্তার করা হয়।

আগে থেকেই অন্য মামলায় গ্রেপ্তার থাকা নিজামী-বাবরকে আলোচিত এ ঘটনায় করা এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উলফার জন্য চীন থেকে আসে অস্ত্র

অধিকতর তদন্তে উঠে আসে চোরাচালানের মাধ্যমে আসা সকল অস্ত্র ও গোলাবারুদ চীনে তৈরি, যেগুলি দেশটির রাষ্ট্রায়্ত্ত প্রতিষ্ঠান চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (নরিনকো) তৈরি বলে সামরিক বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

এসব অস্ত্র ও গোলাবারুদ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) জন্য আনা হয় বলে আদালতে দাবি করে রাষ্ট্রপক্ষ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চোরাচালানী হাফিজুর রহমান ও দীন মোহাম্মদসহ তার সহযোগীরা নদীপথে এমভি খাজার দান এবং এমভি আমানত নামে দুটি ট্রলারে করে সিইউএফএল ঘাটে খালাসের জন্য নিয়ে আসেন।

এসব অস্ত্র খালাসের সংবাদ প্রথম পান কর্ণফুলী থানাধীন বন্দর ফাঁড়ির কনস্টেবল গোলাম রসূল। পরে তিনি ফাঁড়ির দুই সার্জেন্টকে জানানোর পর ঊর্ধতন পুলিশ কর্মকর্তারা গিয়ে তা উদ্ধার করেন।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল এমএমটি-৫৬-১ মডেলের ৬৯০টি এসএমজি, এমএম-৫৬-২ মডেলের এসএমজি ৬০০টি, ৪০ এমএম রকেট লাঞ্চার ১৫০টি, একশটি টমিগান ও দুই হাজার লাঞ্চিং গ্রেনেডসহ বিভিন্ন ধরণের গোলাবারুদ।

আদালতের সাত পর্যবেক্ষণ

এই মামলার শুনানিতে আদালত সাতটি পর্যবেক্ষণ দিয়ে তা অনুসন্ধানের আদেশ দেন। অধিকতর তদন্তে আদালত নির্দেশিত সাতটি পর্যবেক্ষণের ছয়টিই উদঘাটন করা হয়। এর মধ্যে শুধু অস্ত্র বহনকারী জাহাজটি সনাক্ত করতে পারেননি আইও।

আদালত নির্দেশিত অপর ছয় পর্যবেক্ষণ হল- অস্ত্র কোথা থেকে আনা হয়েছে, কাদের জন্য আনা হয়, কারা এর সঙ্গে যুক্ত, কারা এনেছে, উদ্ধারকৃত অস্ত্র থেকে দুটি অস্ত্র কীভাবে বেহাত হয় ও উদ্ধার হওয়া অস্ত্র কোন দেশের।

১০ বছরে পাঁচ তদন্ত কর্মকর্তা

২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে অস্ত্র আটকের পর করা দুই মামলার প্রথম আইও হিসেবে দায়িত্ব পান মামলা দুটিরই বাদি কর্ণফুলী থানার তৎকালীন ওসি আহাদুর রহমান।

২০০৪ সালের ১১ জুন অস্ত্র আইনে করা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন মামলার দ্বিতীয় আইও সিআইডির তৎকালীন এএসপি কবির উদ্দিন।

পরবর্তীতে আবার আইও পরিবর্তন করে অধিকতর তদন্ত শেষে সিআইডির তৎকালীন এএসপি নওশের আলী একই বছরের ২৮ অগাস্ট ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে অস্ত্র মামলার সম্পূরক অভিযোগপত্র জমা দেন।

৯ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলার ৪৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন নওশের আলী।

২০০৫ সালের ৬ জুলাই ওসি আহাদুর রহমানের সাক্ষ্যের মধ্য দিয়ে মামলা দুটির বিচারকার্য শুরু হয়। পরে অস্ত্র মামলায় ৩১ এবং চোরাচালান মামলায় ২৮ জনের সাক্ষ্যও নেয় আদালত।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশিরুল্লাহ এই মামলার অধিকতর তদন্তের আদেশ দেন।

পুলিশ কর্তৃপক্ষ এই তদন্তের দায়িত্ব দেয় সিআইডির এএসপি ইসমাইল হোসেনকে।

২০০৯ সালের ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের পুনরায় আবেদনের প্রেক্ষিতে আদালত সাতটি পর্যবেক্ষণের ভিত্তিতে অধিকতর তদন্তের আইও পরিবর্তনের আদেশ দেয়।

২৯ জানুয়ারি এক আদেশে মনিরুজ্জামান আইও হিসেবে দায়িত্ব নেন। ২০০৯ সালের ১৩ মে তিনি অধিকতর তদন্তের জন্য সময় বৃদ্ধির আবেদন জানান। অধিকতর তদন্তে ১৩ বার সময় নেয়ার পর ২০১১ সালের ২৬ জুন সম্পূরক অভিযোগপত্র জমা দেন তিনি।

২০১১ সালের ১৫ নভেম্বর মামলা দুটিতে আদালত অভিযোগ গঠনের পর ২৯ নভেম্বর থেকে আবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

২০১৩ সালের ১০ অক্টোবর আইও মনিরুজ্জামানের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে মামলা দুটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। অস্ত্র মামলায় মোট ৫৬ এবং চোরচালান মামলায় ৫৩ জন সাক্ষী সাক্ষ্য দেন।

এরপর ২৩ অক্টোবর থেকে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুসারে আসামিদের পরীক্ষা করা শুরু করে রাষ্ট্রপক্ষ। গ্রেপ্তার ও জামিনে থাকা মোট ৩৮ আসামিকে পরীক্ষা করা হয়।

২০১৩ সালের ২৫ নভেম্বর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। সর্বশেষ গত ১৩ জানুয়ারি আট আসামির পক্ষে আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার দিন দেন।