চেক প্রতারণা: চট্টগ্রামে ব্যবসায়ীর বিরুদ্ধে চার মামলা
চট্টগ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৩২ কোটি টাকার চেক প্রতারণার অভিযোগে আলাদা মামলা করেছেন চার ব্যবসায়ী।
আহমেদ খায়ের, জাহিদুল হক, জানে আলম ও মোশারফ হোসেন নামে ওই চারজন বুধবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানের আদালতে এসব মামলা করেন।
বাদিদের আইনজীবী জাফর ইকবাল বলেন, এসব মামলায় খাতুনগঞ্জের ইয়াছির এন্টারপ্রাইজের মালিক মোজাহের হোসেনের বিরুদ্ধে মোট ৩২ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৮৬ টাকার চেক প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
বিচারক মামলাগুলো আমলে নিয়ে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে বিবাদিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান জাফর।
তিনি বলেন, মোজাহের ব্যবসায়ী জাহিদুল হককে তার পাওনা বাবদ ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের দুটি অ্যাকাউন্টের বিপরীতে মোট ১২ কোটি ৫৯ লাখ ১৪ হাজার ৯৫৯ টাকার চেক দেন বিভিন্ন সময়ে।
কিন্তু চেকগুলো প্রত্যাখ্যাত হওয়ার পরও টাকা পরিশোধের ব্যবস্থা না নেয়ায় জাহিদুল হক মামলা করেছেন।
এছাড়া মোজাহের ন্যাশনাল ব্যাংক ও ব্যাংক এশিয়ার তিনটি চেকের মাধ্যমে অপর তিন ব্যবসায়ীকে যথাক্রমে ১ কোটি, ৯ কোটি ২৪ লাখ ৭৫ হাজার, ৯ কোটি ৭৮ লাখ চার হাজার ১২৭ টাকা চেক দেন, যেগুলো প্রত্যাখ্যাত হয় বলে তাদের আইনজীবী জানান।
