২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কালোপতাকা মিছিলে আ. লীগের বাধা, সংঘর্ষ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিএনপির কালোপতাকা মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 04:12 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার দুপুর ১টার দিকে উপজেলা মোড় এলাকায় এ সংঘর্ষে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে বিএনপি নেতারা দাবি করেছেন।

দুর্গাপুর থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদুনে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে আওয়ামী লীগ কর্মীরা উপজেলার বিভিন্ন মোড়ে অবস্থান নেন। দুপুরের দিকে দুর্গাপুর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা কালোপতাকা মিছিল বের করেন। মিছিলটি উপজেলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ কর্মীরা বাধা দেয়।

এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধওয়া ও সংঘর্ষ হয়। পাল্টা পাল্টি ইট-পাটকেল ছুড়তে থাকে দুই দলের নেতাকর্মীরা।

সংঘর্ষে আহত বিএনপি নেতা রেজাসহ দুই জনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল থেকে বিএনপি নেতা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইটের আঘাতে তিনিসহ দলের অন্তত ১০/১২ জন আহত হয়েছেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ বলেন, “দুপুরে আমরা উপজেলা মোড়ে বসে ছিলাম। এসময় মিছিলকারীরা আমাদের ওপর হামলা চালায় এবং চারটি মোটরসাইকেল ভাংচুর করে। পরে আত্মরক্ষায় আমরাও হামলা করি।”

রাজশাহীতে  মিছিলে পুলিশের বাধা

রাজশাহী মহানগরীতে বেলা ১২টার দিকে বিএনপি নেতাকর্মীরা কালোপতাকা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার আশঙ্কা থাকায় বিএনপির মিছিলে বাধা দেয়া হয়েছে। তবে তাদের সমাবেশ করতে দেয়া হয়েছে।

মিছিলের আগে নগরীর ভুবন মোহন পার্কে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য দেন।

‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদের প্রথম অধিবেশনের দিন সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।

দশম সংসদকে ‘অবৈধ’ আখ্যায়িত করে গত ১৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে রাজধানীসহ সারা দেশে এই কর্মসূচি দেন বিরোধী জোটের নেতা খালেদা জিয়া।