২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্র বিক্ষোভ, প্রশাসনিক ভবন ঘেরাও

বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করেছে আন্দোলনরত কয়েক হাজার শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 03:22 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে তারা।

পরে বৃহস্পতিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়ে এদিনের কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা।

‘বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্সবিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে বেলা ১১টার দিকে বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

‘শিক্ষা-ব্যবসা এক সঙ্গে চলে না’, ‘সনদ বিক্রির কারখানা আমরা তা ছাড় দেব না’, ‘শিক্ষক নিয়োগের ভার আমরা নেব না’ বিভিন্ন শ্লোগানে প্রশাসনিক ভবনের আশপাশের এলাকা মুখরিত করে তোলে তারা।

পরে সমাবেশে শিক্ষার্থী তাসলিমা তাহরিন, খাদেমুল বাসার, রাহাত, সাজেদুল সাজু, শিরিন আক্তার, আশরাফুল ইসলাম, সমাজকর্ম বিভাগের গোলাম মোস্তফা, নৃবিজ্ঞানের আবু সুফিয়ান বকসি, উৎসব মোসাদ্দেক, মিঠুন রায়, সোহান রেজা, প্রদীপ মাইদি প্রমুখ বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়ে যতো শিক্ষক নেয়ার বিজ্ঞাপন দেয়া হয়েছে তার চেয়ে ৮১ শতাংশ বেশি শিক্ষক নিয়োগ দিয়ে তাদের বেতন শিক্ষার্থীদের কাঁধে চাপানোর যে চেষ্টা করা হয়েছে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আবু নাসের, ফোকলোর বিভাগের শিক্ষক সুষ্মিতা চক্রবর্তী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কাজী মামুন হায়দার ছাত্র সমাবেশে উপস্থিত হয়ে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এরইমধ্যে উপ-উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছি। ওই কমিটি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের দাবি ও বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করবে।”

ছাত্র ধর্মঘট বিষয়ে তিনি বলেন, “আমরা আলোচনা চালিয়ে যাব। শিক্ষার্থীরা যদি ক্লাসে না আসে সে ক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই।”

এর আগে সান্ধ্যকোর্স বন্ধ ও বর্ধিত ফি বাতিলের দাবিতে গত ২১ জানুয়ারি প্রশাসনকে সাত দিনের সময় বেধে দেয় শিক্ষার্থীরা। প্রশাসন তা আমলে না নেয়ায় মঙ্গলবার প্রথম সমাবেশ করে শিক্ষার্থীরা।

গত ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় শিক্ষার্থীদের পরীক্ষা, সদনসহ বিভিন্ন ‘ফি’ দুই থেকে পাঁচগুন বাড়ানোর সিদ্ধান্ত হয়।