২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে হামলার জেরে কর্মবিরতি

বেসরকারি অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া চাওয়া নিয়ে তর্কের জেরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগতদের হামলায় কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ চারজন আহত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 05:58 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মঙ্গলবার দুপুর থেকে কর্মবিরতি করছে হাসপাতালের কর্মচারীরা।

একই দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ অধ্যক্ষ এবং হাসাপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করে তারা।

এ পরিস্থিতে মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ বলেন, “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানানো হয়েছে।”

চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি লিয়াকত আলী, বলেন, “চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক রেজাউল হক রোমেলের আত্মীয় মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

“লাশ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক রাজু চার হাজার টাকার ভাড়ার পরিবর্তে ১০ হাজার টাকা দাবি করেন।এ নিয়ে রোমেলের সঙ্গে চালকের কথা কাটাকাটি হয়।”

তার অভিযোগ- ঘটনাটি জানার পর অ্যাম্বুলেন্স মালিক ও ছাত্রদল নেতা শাহিন হত্যা মামলার প্রধান আসামি ম্যাক্স দলবল নিয়ে রোমেলকে কুপিয়ে গুরুতর আহত করেন। এছাড়া কর্মচারী ইমন, সুজন ও নুরুজ্জামানও আহত হন।

রোমেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোমেল শঙ্কামুক্ত জানিয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম জানান হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্মচারীদের কাছে বুধবার সকাল ১০টা পর্যন্ত সময় চেয়েছি।

“এ ঘটনার পর হাসপাতাল চত্বরে বাইরের অ্যাম্বুলেন্স রাখা বন্ধ করে দেয়া হয়েছে।”

ধাপ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) গোলাম কিবরিয়া বলেন, “লাশ পরিবহন নিয়ে এর আগেও হাসপাতাল চত্বরে বহিরাগত অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষ হয়েছে।

কিছুদিন বন্ধ থাকার পর আবারও হাসপাতাল চত্বর বহিরাগত অ্যাম্বুলেন্স চালকদের নিয়ন্ত্রণে চলে যায় বলে জানান তিনি।