১৭৫ মন জাটকা এতিমখানায় বিতরণ
কোস্ট গার্ডের দক্ষিণ জোনের সদস্যরা টানা অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ১৭৫ মন জাটকা ইলিশ উদ্ধার করেছেন।
পরে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের মাধ্যমে জাটকাগুলো এতিমখানাসহ গরিবদের মধ্যে বিতরণ করা হয়।
বুধবার কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা অপারেশন দলের কমান্ডার লে. এ এম রাহাতুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযানে অংশ নেয় সিজি স্টেশন পাথরঘাটা, রামগতি, ভোলা ও বরিশালের চারটি পৃথক অপারেশন দল, যেগুলোর নেতৃত্বে ছিলেন যথাক্রমে সিপিও এম এ ইসলাম, সিপিও এম এ রউফ, লে. এ এম রাহাতুজ্জামান ও সিপিও এম শাহ নেওয়াজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বলেশ্বর নদীর পক্ষীদিয়া, রামগতির ঘাট, মেঘনা নদীর বিশ্বরোডের মাথা ও বরিশালের কালাবদর নদীর শ্রীপুর এলাকায় ইঞ্জিনচালিত দুইটি নৌকা, ট্রাকে পরিবহনরত অবস্থায়, যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৪ (হাতিয়া হতে ঢাকাগামী), এমভি স্বর্ণদীপ (চরফ্যাশন হতে ঢাকাগামী), এমভি গাজী-৪ (চরফ্যাশন হতে ঢাকাগামী) ও এমভি কোকো-৩ (চরফ্যাশন হতে ঢাকাগামী) থেকে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়।
জব্দ করা এসব জাটকার মুল্য প্রায় চৌদ্দ লাখ টাকা বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হলে তারা জাটকাগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং, গরিব ও বস্তিবাসীদের মধ্যে বিতরণ করেন।
