২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবককে গুলি করে হত্যা

রাজধানীর শেরেবাংলা নগরের কলেজগেইট এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 03:54 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল মোমীন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একটি কোয়ার্টারে এ হত্যাকাণ্ড হয়।

নিহত মো. সাজ্জাদ হোসেন স্বপন (২৫)পরিবারের সদস্যদের নিয়ে ওই কোয়ার্টারের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।

ওসি মোমীন বলেন, স্বপন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে নিহতের পরিবার বলছে, এ ধরনের কোনো ব্যবসার সঙ্গে স্বপন জড়িত ছিলেন না।

নিহতের বোন স্বপ্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোয়ার্টারে অনেকগুলো ছোট ছোট ও টিনশেড ঘর রয়েছে। সেখানে কিছু যুবক অস্ত্র ও গুলি আনা-নেওয়া করতো। স্বপন তাদের বাধা দিতো। ওই খারাপ ছেলেরাই আমার ভাইকে হত্যা করে থাকতে পারে।”

তিনি জানান, সকালে স্বপন ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। সকালে কয়েক যুবক ঘরে ঢুকে তাকে গুলি করে।

“এ সময় গুলির শব্দ শুনে পাশের ঘর থেকে দুই ভাই সজীব ও স্বাধীন এগিয়ে আসলে তাদের গুলির করার ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়,” বলেন স্বপ্না।

স্বপন এক সময় গাড়ি চালালেও কিছু দিন ধরে তিনি কোনো কাজে ছিলেন না।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।