২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের লংমার্চের তারিখ পরিবর্তন

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সাতকানিয়া অভিমুখে ‘লংমার্চ’ ৩০ জানুয়ারির পরিবর্তে ৮ ফেব্রুয়ারি হবে বলে জানিয়েছে আয়োজক ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় পরিষদ’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 12:05 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সোমবার আয়োজকদের এক সভা শেষে তারিখ পরিবর্তনের এই ঘোষণা দেয়া হয়।

গত ২০ জানুয়ারি লালদীঘি মাঠে পরিষদের সমাবেশ থেকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সাতকানিয়া অভিমুখে ৩০ জানুয়ারির লংমার্চের ঘোষণা দিয়েছিলেন।

পরিষদের সদস্য ও নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৯ জানুয়ারি সংসদ বসছে, সে কারণে দক্ষিণ চট্টগ্রামের সাংসদরা এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না।

“তাই লংমার্চের তারিখ পরিবর্তন করা হয়েছে।”

এদিকে লংমার্চ সফল করতে সোমবার মুক্তিযোদ্ধাদের নিয়ে এক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

এর অংশ হিসেবে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশও অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।