ঝালকাঠীতে আইনজীবীদের সভার কাছে বোমা বিস্ফোরণ
ঝালকাঠীতে আওয়ামী আইনজীবী পরিষদের এক স্মরণ সভার কাছে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জামায়ত-বিএনপিকে দায়ী করে আওয়ামী আইনজীবী পরিষদ নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
দুটি হাতবোমা বিস্ফোরণের কথা স্বীকার করে ঝালকাঠী সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় রাতে জেলা আওয়ামী আইজীবী পরিষদ সভাপতি তপন কুমার রায় চৌধুরী বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ কর্মকর্তা সালাম বলেন, মামলায় বিএনপি সমর্থক ২১ আইনজীবীর সম্পৃক্ততা থাকতে পারে বলে অভিযোগ করা হয়েছে।
ঝালকাঠী আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতি তপন রায় চৌধুরী বলেন, “ঝালকাঠী আইনজীবী মিলনায়তনে সন্ধ্যায় সংগঠনের এক সদস্যের মৃত্যু বার্ষিকীর স্মরণ সভা চলছিল।
“স্মরণ সভার এক পর্যায় জালানা লক্ষ্য করে পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। মুহূর্তের মধ্যে বিকট শব্দ এবং কালো ধোঁয়ায় সভাস্থল ভরে যায়।”
তবে এতে কেউ আহত হননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতি তপন রায় চৌধুরীর দাবি, আগামী ৩০ জানুয়ারি আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টির জন্য জামায়াত-বিএনপির আইনজীবীরা এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
অপর দিকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পাল্টা দাবি করেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী আইনজীবী পরিষদ নিজেরাই এ কাজ করেছে।
জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেলের সভাপতি পদপ্রার্থী শাহাদাৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনে জাতীয়তাবাদী ভোট মাইনাস করতে আওয়ামী আইনজীবীরা ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপতৎপরতায় নেমেছে।”
