২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালা উপজেলায় মঙ্গলবার ছাত্রদলের হরতাল

‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা শেখ আজহারুল ইসলাম নিহতের ঘটনায় মঙ্গলবার তালা উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে ছাত্রদল।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 08:17 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সোমবার তালা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান (সাঈদ) ও সাধারণ সম্পাদক আনিচুজ্জামান (আনিচ) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের কথা জানানো হয়েছে।

শেখ আজহারুল ইসলাম (২৮) সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।

সহকারী পুলিশ সুপার জানান, রোববার সকালে উপজেলার চাঁদপুর থেকে আজহারকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে রাতে যৌথ অভিযান শুরু হয়।

“আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যার মাগুরা খেয়া ঘাট এলাকায় পৌঁছালে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা বোমাবাজি ও গুলি শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট গোলাগুলিতে আজহার এবং দুই পুলিশ সদস্য এস আই  সাখাওয়াত ও কনস্টেবল শাহাবুদ্দিন আহত হন।”

তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিত্সক আজাহারকে মৃত ঘোষণা করেন বলে কাজী মনিরুজ্জামান জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান, পাঁচটি হাতবোমা ও দুটি কার্তুজ উদ্ধার করেছে বলে জানান তিনি।

ঘটনার পর তালা থানার ওসি মতিউর রহমান জানিয়েছিলেন, ২০০২ সালে ইসলামকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রউফ হত্যা মামলার অন্যতম আসামি এই আজহার। এছাড়া নারী নির্যাতন, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আজহারের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

এ হরতালের কথা শুনেছেন উল্লেখ করে সন্ধ্যায় তালা থানার ওসি মতিউর বলেন, “হরতাল প্রতিরোধে পুলিশ মাঠে থাকবে।”