২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় আটকদের ফিরতে হবে নিজ খরচে

আটক অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 07:33 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

আটক বাংলাদেশিদের কোনো জরিমানা দিতে না হলেও নিজ খরচে দেশে ফিরতে হবে বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

অবৈধ অভিবাসীবিরোধী বিশেষ অভিযানে গত শনিবার পর্যন্ত ২৭৫ জন বাংলাদেশি আটক হয়েছেন।

তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “মালয়শিয়ান সরকার আমাদের দূতাবাস অফিসে (বাংলাদেশ দূতাবাসে) ভ্রমণ অনুমতিপত্র পাঠানো শুরু করেছে। আমরা অফিসিয়াল কাজ শুরু করেছি।”

আটকদের দেশে পাঠানো খুব শিগগিরই শুরু হবে বলে জানান এই দূতাবাস কর্মকর্তা।

তিনি বলেন, “আটকদের কোনো জরিমানা দিতে হবে না। তবে অবৈধদের নিজ খরচে দেশে ফিরে আসতে হবে।”

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া মালয়শিয়া সরকারের বিশেষ অভিযানে বিভিন্ন দেশের প্রায় ২ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন।

পাসপোর্ট পৌঁছাতে ঠিকাদার নিয়োগ

এদিকে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যন্ত্র পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) পৌঁছে দেওয়ার জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির বৈঠকে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয় বলে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম।

সভাশেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশি প্রতিষ্ঠান ডাটা-এজ-আই-পিপল কনসোর্টিয়াম (Data-edge-i-people Consortium) এই কাজ করবে।

“প্রতিটির জন্য ১৮ ডলার করে খরচ নিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ৬ লাখ বাংলাদেশির এমআরপি পাসপোর্ট তাদের কর্মস্থলে হাতে হাতে পৌঁছে দেবে ঠিকাদার প্রতিষ্ঠান।”

১৮ মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলেও জানান নুরুল করিম।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তপক্ষের (আইসিএও) নীতিমালা অনুযায়ী, ২০১৫ সালের নভেম্বরের মধ্যে সব পাসপোর্ট এমআরপিতে রূপান্তর করার বাধ্যবাধকতা রয়েছে।

ক্রয় কমিটিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের চারটি জাহাজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

নুরুল করিম বলেন, চারটি সেলফ প্রপেলড মাল্টিপারপাস ইনল্যান্ড কন্টেইনারবাহী জাহাজ ক্রয়ে খরচ হবে ১৫১ কোটি ৪৮ লাখ টাকা। চট্টগ্রাম ড্রাই ডক এবং খুলনা শিপইয়ার্ড থেকে দুটি করে জাহাজ কিনবে।

জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক চারলেন উন্নীত করার জন্য ডিজাইনার-নির্মানকাজ তদারকে পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন নিয়ে ক্রয় কমিটি।

নুরুল করিম বলেন, “এপ্রকল্পটি সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকনোমিক কো-অপারেশন এর অংশ। পরামর্শক প্রতিষ্ঠান ডিজাইন করবে এবং নির্মানকাজ তদারকি করবে। এর জন্য ব্যয় হবে ১০৪ কোটি ৪৯ লাখ টাকা।”

বাংলাদেশ, কোরিয়া ও ভারতের চারটি যৌথ প্রতিষ্ঠান এ পরামর্শক কাজে ঠিকাদারি পেয়েছে।

এছাড়া ১২০ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে খাদ্য মন্ত্রণালয়ের ৫০ হাজার মেট্রিক টন গম কেনা, ৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য সাতটি ট্রান্সফরমার কেনা এবং প্রায় ৯০ কোটি টাকায় দরে চট্টগ্রামে পাঁচজন বার্থ অপারেটর নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি।

ফের অভিযান: মালয়েশিয়ায় ২৫৫ বাংলাদেশি আটক