পটুয়াখালীতে লঞ্চডুবি
পটুয়াখালীর লোহালিয়া নদীতে লঞ্চ দুর্ঘটনাস্থলে বরিশাল থেকে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।
সোমবার সন্ধ্যায় পটুয়াখালী ঘাটের অদূরে পালের ডাঙ্গা এলাকা সংলগ্ন নদীতে ঢাকাগামী বড় একটি লঞ্চের ধাক্কায় ডুবে যায় রাঙ্গাবালি থেকে আসা এম ভি শাথিল-১।
পাড়ের কাছে এক-তৃতীয়াংশ ডুবে থাকা লঞ্চটি থেকে স্থানীয়রা ৩৫ যাত্রীকে জীবিত উদ্ধার করেছেন বলে পটুয়াখালী নৌবন্দরের উপপরিচালক মো. বদরুল আলম জানিয়েছেন।
উদ্ধার কাজে থাকা স্থানীয়রা বলছেন, ডুবে থাকা সাথিলের কেবিনগুলো খোলা যাচ্ছে না। এর ভেতরে যাত্রী থাকতে পারে।
রুস্তম মঙ্গলবার সকালের আগে পৌঁছতে পারছেন না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ফলে তার আগে উদ্ধার কাজ শুরু করা যাচ্ছে না।
রাঙ্গাবালি থেকে আসা দোতলা লঞ্চ শাথিলে শতাধিক যাত্রী ছিল বলে স্থানীয়রা দাবি করলেও অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিমুল হক বলেছেন, লঞ্চটিতে বেশি যাত্রী ছিল না।
সন্ধ্যায় ৬টায় ডুবে যাওয়ার পর প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় কাজ শুরু করতে পারেনি তারা।
জেলা প্রশাসক অমিতাভ সরকার রাতে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “বিআইডব্লিওটিএ-এর উদ্ধারকারী জাহাজ হামজা বরিশাল থেকে রওনা হয়েছে। এসে পৌঁছলেই উদ্ধার কাজ শুরু করা হবে।”
তবে পরে বন্দর কর্মকর্তারা জানান, হামজা নয়, আসছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।
পটুয়াখালী লঞ্চ মালিক সমিতির নেতারা রয়েছেন ঘটনাস্থলে, কিন্তু ডুবন্ত লঞ্চের পাহারায় সংশ্লিষ্ট প্রশাসনের কোনো দপ্তরের কর্মকর্তাদের রাতে দেখা যায়নি।
উদ্ধারকারী জাহাজ রুস্তম রওনা হয়েছে বলে পটুয়াখালীর কর্মকর্তারা জানালেও রুস্তম এখনো জেলার দশমিনার বাঁশবাড়িয়ার চরে নোঙ্গর করে আছে।
জাহাজটি অগ্রসর হতে প্রতিবন্ধকতা থাকায় রাতের আঁধার না কাটলে রওনা দিতে পারবে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রুস্তমের সাহায্যকারী টাগ বোটের মাস্টার গোলাম ইউনুস আহমেদ।
“নদীতে বেশ জোয়ার, তাই জেগে উঠা চর দেখা যাবে না বলে আমরা নোঙ্গর করে আছি। এই অবস্থায় রওনা হয়ে যদি চরে আটকে যাই, তাহলে রুস্তমকে নিয়েই আমরা বিপদে পড়ব।”
তবে জাহাজটির কমান্ডিং কর্মকর্তা মো. আশরাফ হোসেন রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।
স্থানীয়রা জানায়, আঁচল লঞ্চটি পটুয়াখালী ছেড়ে যাওয়ার সময় ঘাটের দিকে আসছিল শাথিল।
বদরুল সাংবাদিকদের বলেন, শাথিল ঘাটে না ভিড়ে আঁচলের পেছন এগোতে থাকে। এর উদ্দেশ্য ছিল মাছের পেডি (ঝুড়ি) ওই লঞ্চে তুলে দেয়া।
“এক পর্যায়ে শাথিলের কাছি আঁচলের পাখায় পেঁচিয়ে গেলে এটি ডুবে যায়।”
শাথিল ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ট্রলার-নৌকা নিয়ে উদ্ধার অভিযানে নেমে পড়ে।
বন্দরের উপপরিচালক বদরুল বলেন, অন্তত ৩৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এদের কয়েকজন আহত হয়েছেন।
উদ্ধার কাজে অংশ নেয়া জেলা ছাত্রলীগ নেতা মো. জুয়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় মহিলা ও শিশুসহ অন্তত ৩৫ জনকে উদ্ধার করেন তারা।
“তবে লঞ্চের দুটি কেবিনে ঢোকার চেষ্টা করে পারিনি, এগুলোর ভেতর থেকে ছিটকিনি আটকানো।”
জুয়েলসহ উদ্ধার কাজে থাকা স্থানীয়দের ধারণা, কেবিনের ভেতরে কেউ আটকে থাকতে পারেন।
দুর্ঘটনার পরপরই জুয়েল ১০ থেকে ১২ জন সহযোগী নিয়ে নদীতে নেমে পড়েন। এরপর স্থানীয়রা চারটি ট্রলার নিয়ে এসে উদ্ধার কাজে যোগ দেয়।
উদ্ধারকর্মীরা বলছেন, যে স্থানে লঞ্চটি ডুবে আছে, সেখানে নদীর গভীরতা ২০ থেকে ২৫ ফুট।
সেখানে গভীরতা ৬ ফুট এর বেশি হবে না বলে বন্দর কর্মকর্তা বদরুল দাবি করেন। তবে ছবিতে দেখা যাচ্ছে, ডুবন্ত লঞ্চটির অল্প অংশই ওপরে রয়েছে।
বিষয়টি তুলে ধরা হলে বদরুল বলেন, “লঞ্চ তো ডোবেনি, কাত হয়ে আছে।”
গভীরতার বিষয়ে জেলা প্রসাশকের কাছে জানতে চাইলে তিনি বলেন, “নদীর গভীরতা কত ফুট, তা নিশ্চিত করে বলা যাবে না। মনে হচ্ছে, ওখানে যথেষ্ট গভীরতা আছে।”
