নাবিকদের জন্য দুই কনভেনশনে অনুসমর্থন
সমুদ্রগামী জাহাজের নাবিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার দুটি কনভেনশনে অনুসমর্থন দিয়েছে মন্ত্রিসভা।
এর ফলে সমুদ্রগামী জাহাজে কর্মরত ১২ হাজার বাংলাদেশি নাবিক ‘বায়োমেট্রিক’ পরিচয়পত্র পাবেন।
কোনো দেশে গেলে জাহাজ অবস্থানকালীন সময়ে সে দেশে প্রবেশে কড়াকড়ি, জাহাজ পরিবর্তন এবং দেশে ফেরা নিয়ে বিভিন্ন জটিলতা থেকেও তারা মুক্তি পাবেন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার ‘সামুদ্রিক জাহাজে শ্রম কনভেনশন, ২০০৬’ এবং ‘নাবিকদের পরিচয়পত্র কনভেনশন ২০০৩’ এ অনুসমর্থনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বর্তমানে আন্তর্জাতিক নৌপথে বাংলাদেশের ৬৮টি সমুদ্রগামী জাহাজ রয়েছে এবং দেশি-বিদেশি প্রতিষ্ঠানে ১২ হাজার বাংলাদেশি নাবিক রয়েছেন। এ খাত থেকে প্রায় ৫০০ কোটি টাকার মতো বিদেশি মুদ্রা দেশে আসে।”
সচিব জানান, বাংলাদেশি নাবিকরা অনেক সময় অন্য দেশের বন্দরে অবস্থানকালে সে দেশে ঢুকতে চাইলে বৈষম্যর শিকার হন, আইনি ঝামেলাতেও পড়তে হয়। কনভেনশনে সই না করায় বড় বড় দেশের জাহাজ কোম্পানিও অনেক সময় বাংলাদেশিদের চাকরি দিতে অনিহা প্রকাশ করত।
“শ্রম কনভেনশনে অনুসমর্থনের ফলে সমুদ্রগামী জাহাজের নাবিকরা কাজের সুষ্ঠু পরিবেশ, চিকিৎসা, বিনোদন, কর্মঘণ্টা, বাসস্থান, সামাজিক নিরাপত্তা- ইত্যাদি বিষয়ে সুবিধা পাবেন।”
ইতোমধ্যে আইএলও সদস্যভুক্ত ৫৬টি দেশ এ কনভেনশন অনুসমর্থন করেছে এবং গত বছর ২০ অগাস্ট থেকে তা কাযকর হয়েছে।
পরিচয়পত্র কনভেনশনে অনুসমর্থনের ফলে বাংলাদেশের নাবিকরা ‘বায়োমেট্রিক’ পরিচয়পত্র পাবেন, যাতে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য, আঙুলের ছাঁপসহ অন্যান্য তথ্য থাকবে। এই পরিচয়পত্র হবে ‘মেশিন রিডেবল’।
এ পযন্ত ২৪টি দেশ এ কনভেনশনে অনুসমর্থন করেছে বলে সচিব জানান।
