শপথ নিলেন কুড়িগ্রামের সাংসদ রুহুল আমিন
শপথ নিলেন কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ মো. রুহুল আমিন।
আনোয়ার মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) এই প্রার্থীকে সোমবার বিকালে শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব আশরাফুল মকবুল।
উচ্চ আদালতের রায়ে এই আসনের ভোট গ্রহণ স্থগিত ছিলো। বৃহস্পতিবার এই আসনে পুনঃভোট হয়।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পর ৮ জানুয়ারি ২৯০ জনকে সাংসদ ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই আসনে জয় পাওয়ায় একটি আসন ছেড়ে দেন; ফলে ৯ জানুয়ারি থেকে চার দফায় মোট ২৯৬ জন শপথ নেন।
এ পর্যন্ত নির্বাচন সম্পন্ন হওয়া ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩৪টি, জাতীয় পার্টি ৩৪টি, ওয়ার্কার্স পার্টি ৬টি, জাসদ ৫টি, তরিকত ২টি, জেপি ২টি, বিএনএফ একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৬টি আসন পেয়েছে।
এদিকে জাতীয় সংসদের বাকী ৪টি আসনের মধ্যে রংপুর-৬ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আর যশোর-১ ও যশোর-২ আসনে নির্বাচন হলেও বিজযী প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকায় ফলাফল স্থগিত রাখা হয়েছে।
