আফিল, মনিরুলের সিদ্ধান্ত হাই কোর্টে
৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিষয়ে কারণ দর্শানোর জন্য ডেকে এনেও সরকার দলীয় দুই প্রার্থীর বক্তব্য শোনেনি নির্বাচন কমিশন।
ওই দুই প্রার্থী উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার পর তাদের বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশের বিষয়ে রুল জারি হওয়ায় সোমবার শুনানি স্থগিত করেছে কমিশন।
নির্বাচনী তদন্ত কমিটিতে ‘অপকর্ম’ প্রমাণিত হওয়ায় যশোর-১ আসনের শেখ আফিল উদ্দিন ও যশোর-২ আসনের মো. মনিরুল ইসলামের ‘প্রার্থিতা বাতিল কেন করা হবে না’ জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিস দেয় কমিশন।
তারা নোটিশের জবাব দিলেও সোমবার সকাল ১১টায় তাদের কমিশনের শুনানিতে ডাকা হয়। সব ধরনের প্রস্তুতি থাকলেও শুনানির এজলাসে যাননি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনাররা।
পৌনে ১২টায় শুনানির এজলাসে ইসির আইন শাখার যুগ্ম সচিব মোহাম্মদ শাহজাহান দুই প্রার্থীকে বলেন, “আদালতে বিষয়টি বিচারাধীন থাকায় আজ শুনানি করবে না ইসি।”
এবিষয়ে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাইকোর্টে রিট পিটিশন থাকায় শুনানি স্থগিত করেছি আমরা। এখন আদালত যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তবে বিচারাধীন থাকা অবস্থায় দুই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ বিলম্বিত হবে বলে জানান কমিশনের কর্মকর্তারা।
এদিকে নির্বাচন অনুষ্ঠানের পর কমিশনের কারণ দর্শানোর নোটিস পাঠানো বিধিসম্মত হয়নি বলে দাবি করেছেন অভিযুক্ত প্রার্থীদের আইনজীবী রিয়াজুল কবির কাওছার।
তিনি সাংবাদিকদের বলেন, “আমার মক্কেলদ্বয়ের কোনো অপরাধ থাকলে নির্বাচনের পূর্বেই তাদের বিরুদ্ধে নোটিস দেয়া উচিত ছিল নির্বাচনের কমিশনের, যে কারণে আমরা হাই কোর্টের দারস্থ হয়েছি।”
শুনানিতে এসে মনিরুল বলেন, “বিষয়টি যেহেতু সাবজুডিস, তাই এবিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
আফিল বলেন, “বেসিক্যালি ইসি যদি মনে করে বিষয়টি হাই কোর্টে সুরাহা হবে, তাহলে আমাদের কিছু করার নেই।”
বৃহস্পতিবার ওই দুই প্রার্থীর আবেদনের ভিত্তিতে কেন তাদের সংসদ সদস্য ঘোষণা করে গেজেট জারি করা হবে না ৭ ফেব্রুয়ারির তার জবাব দিতে নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করে।
ইসির আইন শাখার যুগ্মসচিব জানান, শিগগির আদালতের রুলের জবাব দেয়া হবে।
আগামী ৫ ফেব্রুয়ারি আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে, যাতে আইনজীবী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে।
প্রার্থী ভিন্ন, জবাব এক
