প্রস্তুত হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্লাজা
পাঁচ বছর পর রাষ্ট্রপতির জন্য প্রস্তুত হচ্ছে সংসদ ভবনের উত্তর প্লাজা, যা প্রেসিডেন্সিয়াল প্লাজা নামে পরিচিত।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ২৯ জানুয়ারি এই প্লাজা দিয়েই সংসদে প্রবেশ করতে পারেন।
৬৫ হাজার বর্গফুটের সাদা মার্বেলের এই পথ মূলত রাষ্ট্রপতির প্রবেশের জন্য তৈরি করা হলেও, গত পাঁচ বছর তা ব্যবহার করেননি কোনো রাষ্ট্রপতি।
প্রেসিডেন্সিয়াল প্লাজা দিয়ে সর্বশেষ ২০০৯ সালের ২৫ জানুয়ারি তখনকার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ সংসদে ঢোকেন। ওই দিন নবম সংসদের যাত্রা শুরু হয়।
আগামী ২৯ জানুয়ারি দশম সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ উপলক্ষে দীর্ঘদিন পর এই প্লাজায় চলছে সাজ-সজ্জা, পরিচ্ছন্নতার কাজ।
সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস কমডোর আশরাফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহামান্য রাষ্ট্রপতি এবার নর্থ প্লাজা দিয়ে সংসদে ঢুকতে পারেন। এ কারণেই পুরো নর্থ প্লাজায় সাজ-সজ্জার কাজ করা হচ্ছে।”
সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ঢোকার সময় সশস্ত্র বাহিনীর একটি বাদকদল বিউগল বাজিয়ে রাষ্ট্রপতিকে সম্ভাষণ জানাবেন।
উত্তর প্লাজার ‘ফ্ল্যাগ স্ট্যান্ড’ থেকে তিনতলার বিশেষ লিফট পর্যন্ত বিছানো থাকবে লাল গালিচা।
এই বিশেষ লিফটে করেই সংসদ ভবনের সাত তলায় নিজের কার্যালয়ে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান অসুস্থ থাকায় প্রতিবারই তিনি সংসদে সংক্ষিপ্ত ভাষণ দিতেন স্পিকারের ডান পাশে রাখা চেয়ারে বসে।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবার স্পিকারের পাশে রাখা ডায়াসে দাঁড়িয়ে ভাষণ দিতে পারেন।
রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ অধিবেশন কয়েকদিনের জন্য মুলতবি করা হবে। এরপর অধিবেশন শুরু হলে প্রধান হুইপ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনবেন। সংসদ সদস্যরা ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন।
