‘সমস্যার সমাধানে একযোগে কাজ করবে ঢাকা-দিল্লি’
আলোচনা ও ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সমস্যাগুলোর সমাধানের অঙ্গীকার করেছেন দুই দেশের বিশিষ্ট জনেরা।
রোববার ভারতের ৬৫তম ‘প্রজাতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দুই দেশের সম্পর্কের ভিত অনেক ‘শক্তিশালী’ উল্লেখ করে ভবিষ্যতে তা দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমরা প্রতিবেশী। সবাই জানে প্রতিবেশীদের মধ্যে ঝগড়া ও সমস্যা থাকেই। দ্বিপক্ষীয় মতবিনিময়, পারষ্পারিক শ্রদ্ধা এবং বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমেই এসব সমস্যার সমাধান করতে হবে।”
ফাইল ছবি
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেন, ভারত অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাবে, যাতে ‘পারস্পরিক শ্রদ্ধাবোধ, স্বার্থ, সুবিধা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে।
ভারত বাংলাদেশের সঙ্গে ‘দীর্ঘমেয়াদী ও সর্বাঙ্গীন’ সম্পর্ক রাখতে চায় ভারত জানিয়ে তিনি বলেন, “ভারত এই ব্যাপারে পুরোপুরি আন্তরিক এবং দুই পক্ষের আলোচনা ও নিয়মিত চেষ্টাতেই যে কোনো সঙ্কটের সমাধান সম্ভব।”
মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নিজ নিজ ক্ষেত্রের গুণী ব্যক্তিরা প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান এইচএম এরশাদ এবং মহাসচিব রুহুল আমীন হাওলাদার এতে অংশ নেন।
বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ।
এছাড়া অন্যান্য জ্যেষ্ঠ রাজনীতিবিদদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান এবং কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে যোগ দেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এবং তৈরী পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামও অনুষ্ঠানে ছিলেন।
স্বাধীন ভারতের প্রথম সংবিধান চালুর দিন ২৬ জানুয়ারিকে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসাবে পালন করে দেশটি।
