যৌথ অভিযান সরকারের বিষয়: শাহ নেওয়াজ
সংসদ নির্বাচনের পর এবং উপজেলা নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে যৌথঅভিযান নিয়ে বিএনপির সমালোচনার মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুরে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
তিনি রোববার সাংবাদিকদের বলেন, “কমিশনের কাজ নির্বাচন করা। যৌথ অভিযানে কমিশনের করার কিছু নেই।
“দেশে একটি সরকার রয়েছে। তারা তাদের নিয়মতান্ত্রিক কাজ করবে। আমাদের কাজে বাধা এলে বা যৌথ বাহিনীর অভিযান আমাদের কাজের সঙ্গে সাংঘর্ষিক হলে তখন আমরা এটা নিয়ে কথা বলব।”
নির্বাচনের আগে-পরে সহিংসাপ্রবণ সাতক্ষীরা ও গাইবান্ধাসহ কয়েকটি এলাকায় যৌথ অভিযান চলছে, যাতে কয়েকজন নিহত হন।
নিহতের এই ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে এনিয়ে উদ্বেগ জানিয়ে আসছে বিএনপি।
শাহ নেওয়াজ ইসি সচিবালয়ের নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি এখন ‘ভালো’।
সশস্ত্র বাহিনী কতদিন থাকবে- জানতে চাইলে তিনি বলেন, “পরিস্থিতি অনুযায়ী তারা মাঠে থাকবে। সময়সীমা পরে নির্ধারণ করা হবে।”
১০-এর বেশি প্রার্থী ১৯ উপজেলায়
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৯৮ উপজেলায় এক হাজার ৭৩২ জন প্রার্থী হয়েছেন।
শনিবার মনোনয়নপত্র দাখিলের তথ্য অনুযায়ী মোট ১৯ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জনের বেশি প্রার্থী হয়েছেন।
ইসির সহকারী সচিব আশফাকুর রহমান জানান, এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৬৯২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৬০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮০ জন মনোনয়ন দাখিল করেছেন।
বাছাই ও প্রত্যাহারের সময় শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হবে।
চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি ২১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলায়।
ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ঢাকার দোহারে ১৬ জন ও নবাবগঞ্জে ১৪জন প্রার্থী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ প্রার্থী শরীয়তপুরের গোসাইরহাটে ৮ জন।
১০ জনের বেশি প্রার্থী যেখানে
উপজেলা নির্বাচনে ১০ উপজেলায় চেয়ারম্যান ও ১২ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১০ জনের বেশি প্রার্থী হয়েছেন।
চেয়ারম্যান পদে রংপুরের পীরগঞ্জে ১১জন, বগুড়ার ধুনটে ১২জন, নন্দীগ্রামে ১১জন, যশোরের অভয়নগরে ১২জন, মাগুরা সদরে ১৪জন, ভোলার লালমোহনে ১১জন, নেত্রকোনার দুর্গাপুরে ১২জন, নরসিংদীর বেলাবোতে ২১জন, সিলেটের জকিগঞ্জে ১৩জন ও চট্টগ্রামের হাটহাজারীতে ১২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে রংপুরের পীরগঞ্জে ১১জন, বগুড়ার ধুনটে ১২জন, মাগুরা সদরে ১২জন, মানিকগঞ্জের সিংগাইরে ১৩জন, ঢাকার দোহারে ১৬জন, নবাবগঞ্জে ১৪ জন, গোপালগঞ্জের মুকসুদপুরে ১১জন, শরীয়তপুরের গোসাইরহাটে ১১জন, সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৩জন, সিলেটের
কোম্পানীগঞ্জে ১২জন, জৈন্তাপুরে ১১জন ও চট্টগ্রামের হাটহাজারীতে ১১জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আফিল-মনিরুলের শুনানি সোমবার
যশোর-১ ও যশোর-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও মো. মনিরুল ইসলামের শুনানি সোমবার সকাল ১১ টায় ইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
এ দুই জনকে ‘কেন প্রার্থিতা বাতিল করা হবে না’ তা জানতে চেয়ে ইতোমধ্যে কার্ণ দর্শনোর নোটিস দেয় ইসি। এ বিষয়ে তাদের জবাব পাওয়ার পরও ইসির সামনে ব্যক্তিগত শুনানিও করছে কমিশন।
‘বিচার বহির্ভূত হত্যা আশঙ্কাজনক পর্যায়ে’
