দূষণের অভিযোগে দুই ইটভাটাকে জরিমানা
দূষণের অভিযোগে নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার দুটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে এক শুনানি শেষে পরিবেশের ক্ষতিসাধনের জন্য এ জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর।
এর আগে ওই ইটভাটা দুটির মালিক প্রতিনিধিদের ঢাকার সদর দপ্তরে তলব করে নিয়ে আসা হয় বলে জানানো হয় অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে।
নারায়ণগঞ্জের গুদারাঘাট ডিক্রিরচর এলাকায় অবস্থিত মেসার্স আবরার হোসেন এন্ড কোংকে পরিবেশ ছাড়পত্র ছাড়া সনাতন পদ্ধতিতে ১২০ ফুট চিমনির ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রাণীচাড়া এলাকায় অবস্থিত মেসার্স আর এন ব্রিকস-কে দুই লাখ টাকা জরিমানা করে অধিদপ্তর।
শুনানির সময় দায়ী প্রতিষ্ঠান দুটির উপস্থিত মালিক প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
আগামীতে ইটভাটাগুলো আধুনিক পদ্ধতিতে পরিচালনা করার অঙ্গীকার করেন বলে পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
