২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সুড়ঙ্গ খুড়ে সোনালী ব্যাংকে চুরি

কিশোরগঞ্জ শহরে সোনালী ব্যাংক থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 07:14 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার দুপুরে রথখলা এলাকায় ব্যাংকের প্রধান শাখায় এ ঘটনাটি ধরা পড়ে।

এদিকে, এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে কর্তব্যরত আট পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপক হুমায়ুর কবীর ভুঞা জানান, ভল্টের টাকা গণনার পর ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি হওয়ার কথা জানা যায়।

এর আগে তিনি সাড়ে ১২ কোটি টাকা খোয়া যাওয়ার কথা বলেছিলেন।

শুক্র ও শনিবার অফিস বন্ধ চলাকালে এ চুরির ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ব্যাংকের জ্যেষ্ঠ ক্যাশ কর্মকর্তা মোহসিনুল হক জানান, বিকাল ৩টার দিকে টাকার প্রয়োজনে ব্যাংকের ভল্টে প্রবেশ করে মেঝেতে সুরঙ্গ দেখতে পান তিনি।

সঙ্গে সঙ্গে  বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশকে জানানো হয়।

পুলিশ এসে ঘটনা তদন্ত করে পাশের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষের ভিতর আনুমানিক ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গের অপর প্রান্তের সন্ধান পায়।

বাড়ির অপর একটি কক্ষে মার্জিয়া আক্তার নামে এক মহিলা দুই মেয়ে নিয়ে ভাড়া থাকেন। তবে ঘটনার ব্যাপারে তিনি কিছু জানেন না বলে পুলিশকে জানিয়েছেন। তার স্বামী থাকেন সৌদি আরব।

ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও জড়িতদের সনাক্ত করতে তদন্ত চলছে।

কর্তব্যে অবহেলার জন্য ইতিমধ্যে ব্যাংকে কর্মরত আট পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।