তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগ
তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে চুক্তি করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
এসএআরএম অ্যাসোসিয়েটসের সঙ্গে রোববার সচিবালয়ে এই চুক্তি সম্পাদিত হয়। তাদের সঙ্গে যৌথভাবে একটি পাকিস্তানি প্রতিষ্ঠান কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর এবং এসএআরএম অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এইচ এম আবদুল মতিন পক্ষে চুক্তিতে সই করেন।
পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে এসএআরএম এর সঙ্গে যৌথভাবে রয়েছে পাকিস্তানের উমর মুন্সি অ্যাসোসিয়েটস এবং সৌদি আরবের আল মুহানডিস এনকে কনসালন্টিং ইঞ্জিনিয়ারস।
চুক্তি সইয়ের পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩৭৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মিত হবে। এ সেতুর দৈর্ঘ্য হবে এক হাজার ২৯০ মিটার।
চার লেইন বিশিষ্ট এ সেতুর প্রস্থ হবে ২২ দশমিক ১০ মিটার এবং সংযোগ সড়ক দুই দশমিক ১৩ কিলোমিটার।
সেতু নির্মাণে মোট ব্যয়ের মধ্যে ৩১১ কোটি ৬৫ লাখ টাকা সহায়তা হিসেবে দেবে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি)। বাংলাদেশ সরকার দেবে প্রায় ৬৬ কোটি টাকা।
এ সেতু নির্মাণ হলে দেশের তিনটি প্রধান জাতীয় মহাসড়ক ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-মাওনা-খুলনা সরাসরি সংযুক্ত হবে।
শীতলক্ষ্যা নদীর মদনগঞ্জ-সৈয়দপুর ক্রসিং সেতু নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে বাছাই করা হয়েছে।
