২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বন্দুকযুদ্ধে’ জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী নিহত

সাতক্ষীরা ও ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াত শিবিরের তিন নেতাকর্মী নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 02:55 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

শনিবার গভীর রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় স্থানীয় এক শিবির নেতাসহ দুইজন এবং ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় এক জামায়াত নেতা নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস জানান, গভীর রাতে সখিপুর ইউনিয়নের নারিকেলি এলাকায় ওই ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, পাঁচটি হাতবোমা ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- দেবহাটা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আবুল কালাম (২২) ও তার সহযোগী শিবিরকর্মী মারুফ হাসান (২৪)।

উপজেলার কুলিয়া গ্রামের আকবর আলির ছেলে কালাম সাতক্ষীরা সরকারি কলেজের সম্মান প্রথমবর্ষের ছাত্র। আর মারুফ একই গ্রামের জামায়াত নেতা আশরাফুল ইসলামের ছেলে।

নাশকতা, পুলিশের ওপর হামলা, খুনসহ বিভিন্ন অভিযোগে দেবহাটা থানায় আবুল কালামের বিরুদ্ধে দশটি এবং মারুফের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে বলে জানান পরিদর্শক তারক।

তিনি বলেন, কালাম ও মারুফকে শনিবার সকালে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে।

“রাতে তাদের নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী অস্ত্র উদ্ধারে সখিপুরের নারিকেলি এলাকায় গেলে জামায়াত-শিবির কর্মীরা হাতবোমা ফাটিয়ে গুলি ছুড়তে শুরু করে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি ছুড়ে।”

এক পর্যায়ে আবুল কালাম ও মারুফ গুলিবিদ্ধ হয় বলে জানান তিনি।

তাদের প্রথমে দেবহাটা উপজেলার সখিপুর হাসপাতালে এবং সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তহিদুজ্জামান তাদের মৃত ঘোষণা করেন।

পরিদর্শক তারক জানান, কালাম ও মারুফ দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার আসামি।

এদিকে রাত দেড়টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ উপজেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক (৪৫) নিহত হন।

উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে এনামুল স্থানীয় বলরামপুর হাইস্কুলে শিক্ষকতা করতেন।

কোটচাঁদপুরের ওসি শাহাজাহান আলী জানান, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার অভিযোগে এনামুলের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় একাধিক মামলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নওদাপাড়া গ্রামে সন্ত্রাসীদের ‘গোপন বৈঠক’-এর খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী শনিবার রাতে সেখানে যৌথ অভিযান চালায়।

“রাত দেড়টার দিকে নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে গুলি শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে প্রায় ১৫ মিনিট বন্দুকযুদ্ধ চলে।”

এরপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিনটি হাতবোমা উদ্ধার করে এবং গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে বলে ওসি জানান।

পরে গ্রামবাসীরা গুলিবিদ্ধ ব্যক্তিকে স্থানীয় জামায়াত নেতা এনামুল হক বলে সনাক্ত করেন।

অভিযান শেষে রাত ৪টার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেন এনামুলকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের এসআই মোক্তার হোসেন ও মিজানুর রহমান এবং কনস্টেবল জয়দেব কুমার আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোয়াবিয়া হোসেন দাবি করেন, শনিবার দুপুরের দিকে কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে সাধারণ পোশাকের পুলিশ এনামুলকে তুলে নিয়ে যায়।

তবে কোটচাঁদপুর থানায় যোগাযোগ করা হলে পুলিশ বিষয়টি অস্বীকার করে বলেও জানান তিনি।

ঝিনাইদহে ‘বন্দুক যুদ্ধে’ নিহত ১

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই শিবিরকর্মী নিহত