রাজধানীতে নয় ‘ডাকাত’ গ্রেপ্তার
রাজধানীর ভাষানটেক ও কারওয়ানবাজারে অভিযান চালিয়ে অস্ত্র ও বোমাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ডাকাত বলে পুলিশের দাবি।
ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) গোলাম নবী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরে ভাষানটেক তামান্না টাওয়ারের কাছ থেকে একটি ট্রাকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয় কারওয়ানবাজার এলাকা থেকে।
ভাষানটেক থেকে গ্রেপ্তররা হলেন- মেহেদী হাসান রানা, তোফাজ্জল ইসলাম, লিয়াকত আলী, নান্নু মিয়া, যুবরাজ ও রফিকুল। বাকি তিনজন হলেন- শাহজাহান, হিমেল ও আফজাল।
ট্রাকে আটটি ককটেল, আটটি চাপাতি, গ্রিল কাটার যন্ত্র, সিন্দুক ভাঙার যন্ত্র, একটি শাবল, হ্যাকস ব্লেড, একটি খেলনা পিস্তল ও দুটি রেঞ্জ পাওয়া যায় বলে গোলাম নবী জানান।
“জিজ্ঞাসাবাদে তারা বলেছে, ডাকাতি করার জন্যই তারা ওই এলাকায় অবস্থান নিয়েছিল।”
আটক নয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে এই পুলিশ পরিদর্শন জানান।
