২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবাই টিকা নাও, কোনো ভয় নাই’

তিন বছর বয়সী ফুটফুটে মেয়েটিকে দেখেই কোলে তুলে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সে তো আর নামবেই না। শেষ পর্যন্ত তাকে কোলে নিয়েই হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 11:03 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

প্রধানমন্ত্রীর কোলে চড়ে তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সানজিদা হাসনাতও সব শিশুকে অভয় দিল, বললো- কোনো ভয় নেই।নয় মাস থেকে ১৫ বছরের শিশুদের হাম-রুবেলা টিকা দেয়ার এই কর্মসূচি শনিবারই শুরু হয়ে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধনের অনুষ্ঠানিকতা সারলেন রোববার সকালে, গণভবনে।আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচির আওতায় সারা দেশে পাঁচ কোটি ২০ লাখের মতো শিশুদের এই টিকা দেয়া হবে।গণভবনের একটি কক্ষে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সামনেই ছোট ছোট চেয়ারে বসানো হয় প্রায় ১৫টি শিশুকে, যাদের সুস্থ ভবিষ্যতের জন্য এই কর্মসূচি।সকাল ৯টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসেই কোলে তুলে নেন মিরপুর থেকে আসা সানজিদাকে। আদর পেয়ে সে যখন আর নামতে চাইল না, তখন তাকে কোলে নিয়েই বক্তব্য শুরু করলেন শেখ হাসিনা।শুরুতেই হাসিমুখে বললেন, “আমিও তো নানী-দাদী। বাচ্চাদের কোলে নিয়েই কাজ করতে পারি।”বক্তব্য শেষে প্রধানমন্ত্রী কোলে বসা সানজিদাকে তার সঙ্গে সঙ্গে বলতে বললেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে সানজিদা বলল, “আমি টিকা নিচ্ছি। তোমরা সবাই টিকা নাও। কোনো ভয় নাই। আমরা সুস্থ হব। সুন্দর জীবন পাব।”

এরপর প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই বিভিন্ন বয়সের শিশুদের হাম-রুবেলার টিকা দেয়া হয়। কয়েকটি শিশুকে পোলিও টিকা খাওয়ান প্রধানমন্ত্রী। শিশুদের বাবা-মায়েরাও এ সময় পাশে ছিলেন।সকালে গণভবনে আসার পর চকলেট ও জুস দিয়ে আপ্যায়িত করা হয় এই শিশুদের। অনুষ্ঠানস্থল সাজানো হয় রঙিন বেলুন ও ফেস্টুন দিয়ে।বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্র হালুম, ইকরি ও টুকটুকিকে পুরো অনুষ্ঠানে শিশুদের আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায়।শেখ হাসিনা বলেন, “আমরা চাই প্রতিটি শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গড়ে উঠুক। সেই লক্ষ্যে স্বাস্থ্যসেবায় আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি।”রুবেলা নিয়ে খুব বেশি জানা ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটু যত্ন নিলেই শিশুদের এ রোগ থেকে মুক্তি দেয়া যায়।সবাই যেন টিকা পায়- সে বিষয়ে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।“ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। একইসঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হবে।”স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নেয়া উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, “আবারো সুযোগ পেয়েছি। কাজের ধারাবাহিকতা থাকবে। এর সুফল জনগণ ভোগ করবে। জনগণ লাভবান হবে।”অনুষ্ঠানে জানানো হয়, হাম ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি ও কাশির মাধ্যমে এ রোগ ছড়ায়। যে কোনো বয়সে হাম হতে পারে।রুবেলাও ভাইরাসজনিত একটি সংক্রামক রোগ। সাধারণত বাতাসের সাহায্যে শ্বাসতন্ত্রের মাধ্যমে এ রোগের জীবাণু শরীরে প্রবেশ করে।অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শেফায়েত উল্লাহ ছাড়াও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।