সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই শিবিরকর্মী নিহত
সাতক্ষীরার দেবহাটায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় এক শিবির নেতাসহ দুইজন নিহত হয়েছেন।
দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস জানান, শনিবার গভীর রাতে সখিপুর ইউনিয়নের নারিকেলি এলাকায় এই ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, পাঁচটি হাতবোমা ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- দেবহাটা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আবুল কালাম (২২) ও তার সহযোগী শিবিরকর্মী মারুফ হাসান (২৪)।
নাশকতা, পুলিশের ওপর হামলা, খুনসহ বিভিন্ন অভিযোগে দেবহাটা থানায় আবুল কালামের বিরুদ্ধে দশটি এবং মারুফের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কালাম কুলিয়া গ্রামের আকবর আলির ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের প্রথম বর্ষ সম্মানের ছাত্র। আর মারুফ একই গ্রামের জামায়াত নেতা আশরাফুল ইসলামের ছেলে।
পরিদর্শক তারক জানান, কালাম ও মারুফকে শনিবার সকালে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদে তাদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে।
“রাতে তাদের নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী অস্ত্র উদ্ধারে সখিপুরের নারিকেলি এলাকায় গেলে জামায়াত-শিবির কর্মীরা হাতবোমা ফাটিয়ে গুলি ছুড়তে শুরু করে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে আবুল কালাম ও মারুফ গুলিবিদ্ধ হয়।”
তাদের প্রথমে দেবহাটা উপজেলার সখিপুর হাসপাতালে এবং সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তহিদুজ্জামান তাদের মৃত ঘোষণা করেন।
পরিদর্শক তারক জানান, কালাম ও মারুফ দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান হত্যা মামলার আসামি।
