ভোলায় এক জেলে অপহরণ, আটক ৩
ভোলার বোরহানউদ্দিন উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে এক জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে জলদস্যুরা।
শনিবার বিকালে ওই ঘটনার পর জেলেরা সংঘবদ্ধ হয়ে তিন জলদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে।
আটকরা হলেন- সোহাগ (২৪), মিজান (২৫) ও সুমন (২৩)। অপহৃত জেলের নাম শামসুল হক (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে মেঘনা নদীতে জেলেদের উপর হামলা চালায় একদল জলদস্যু। জেলেরা প্রতিহত করার চেষ্টা করলে দস্যুরা কয়েকজনকে পিটিয়ে আহত করে।
“পরে দস্যুরা এক জেলেকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। জেলেরাও তিন জলদস্যুকে আটক করতে সক্ষম হয়।”
ওসি আরো জানান, আটক দস্যুরা শরীয়তপুর জেলার বাসিন্দা বলে পুলিশের কাছে স্বীকার করেছে। অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
