চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ আহত
চট্টগ্রামে ডাকাতির মামলার এক আসামিকে ধরতে গিয়ে তার স্বজনদের হামলায় পুলিশের এক কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কর্ণফুলী থানার কোট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ওসি মহিউদ্দিন মাহমুদ জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউণ্ড শর্টগানের গুলি ছোড়ে। আসামি মো. রাজিব ওরফে রাজু পালিয়ে গেলেও তার বাবা শফি মাঝি ও ভাই সোহেলকে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মহিউদ্দিন বলেন, রাজুর বিরুদ্ধে একটি ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা আছে। পরোয়ানাভুক্ত এ আসামিকে গ্রেপ্তারে বিকেলে অভিযান চালানো হয়।
“কোট্টাপাড়া এলাকায় বাড়ি থেকে রাজুকে ধরে নিয়ে আসার সময় তার পরিবারের সদস্য ও গ্রামের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।”
হামলায় সহকারী উপ-পরিদর্শক সুদীপ বড়ুয়া মাথায় আঘাত পান।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
