২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থাভাবে সালমার আত্মহত্যার খবর মনগড়া: আশরাফ

চিকিৎসার অর্থের অভাবে রানা প্লাজায় আহত নারী শ্রমিক সালমা আত্মহত্যা করেছেন-গণমাধ্যমে প্রকাশিত এ খবর সঠিক নয় বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 07:43 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

সরকারের পক্ষ থেকে সালমাকে ‘পর্যাপ্ত’ অর্থ সহায়তা দেয়া হয়েছে জানিয়ে তার আত্মহত্যার ‘প্রকৃত’ কারণ বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সৈয়দ আশরাফ বলেন, ‘জীবন দিয়ে জ্বালা মেটালো রানা প্লাজায় আহত সালমা’ শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদে সালমার চিকিৎসার ব্যয় সম্পর্কে যে তথ্য এসেছে তা সঠিক নয়।

তিনি বলেন, রানা প্লাজায় আহতদের সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা দেয়ার পাশাপাশি সার্বিক বিষয় নবম পদাতিক ডিভিশনের সশস্ত্র বাহিনীর সদস্যরা তদারকি করেছেন।

“সংবাদে প্রকাশ করা হয়েছে সালমার চিকিৎসার জন্য সরকারি ও বিভিন্ন সাহায্য সংস্থা থেকে মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছিল। যা সত্য নয়।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ বলেন, “প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই তাকে চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ প্রদান করা হয়েছে এবং চিকিৎসার পরও তিনি যাতে সুন্দর জীবন যাপন করতে পারেন সেই রূপ ব্যবস্থা করার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এবং বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার মাধ্যমে আর্থিক সহযোগিতা করেছেন।

“সুতরাং আর্থিক দৈন্যতার কারণে সালমার চিকিৎসায় ব্যাঘাত হয়েছে বলে যে মন্তব্য করা হয়েছে, তা মনগড়া ও সঠিক নয়।”

আত্মহত্যার ‘প্রকৃত’ কারণ অনুসন্ধানকে ব্যাহত করতে সালমার চিকিৎসার অভাব ও আর্থিক অনটনের কথা বলা হয়েছে বলে মনে করেন মন্ত্রী।

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার তুরাগ থানার বামনার টেক এলাকার একটি বাসা থেকে সালমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তার স্বামী বাবু বলেন, রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সালমা মাথায় আঘাত পেয়েছিলেন। ওই ব্যথা সহ্য করতে না পারায় তিনি আত্মহত্যা করেছেন।

গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন বহুতল ভবনটি ধসে পড়ার দুই-তিনদিন পর ধ্বংসস্তূপ থেকে সালমাকে উদ্ধার করা হয়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় তাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়।

সালমার স্বামী বাবু সাংবাদিকদের বলেন, তার স্ত্রী আহত হওয়ায় সরকারের তরফ থেকে এ পর্যন্ত তারা ৬০ হাজার টাকা সহায়তা পেয়েছেন।

তার ওই বক্তব্য নাকচ করে বিবৃতিতে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, সালমার চিকিৎসার পাশাপাশি আগামী দিনে যাতে তিনি সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী তাকে পর্যাপ্ত সাহায্য দেন। সালমার ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিলেই এটা জানা যাবে।

রানা প্লাজায় আহত শ্রমিকের ‘আত্মহত্যা’