চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বস্ত্র ব্যবসায়ীর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় এক বস্ত্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত কাজল (৪২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের আনোয়ার হোসেনের ছেলে।
শনিবার সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার চিনকি আস্তানা এলাকায় এই দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ের ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএনজি অটোরিকশার করে কাপড় নিয়ে ফেনী থেকে মিরসরাইয়ের দিকে আসছিল কাপড় ব্যবসায়ী কাজল ও জাকির।
“পথে চিনকি আস্তানা এলাকায় ঢাকামুখী একটি ট্রাকের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নেজাম উদ্দিনসহ তিনজন আহত হন।”
কাজলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান ওসি মেহেদী।
আহত অপর দুজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
