‘কোন পথে বাংলাদেশ?’
নির্বাচন পরবর্তী বাংলাদেশ কোনদিকে যাচ্ছে- বর্তমান পরিস্থিতিতে এই উত্তর খুঁজতে দেশের শীর্ষ পর্যায়ের রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী, নারীনেত্রীরা এক হচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে শনিবার বিকালে শুরু হতে যাওয়া এই বৈঠক সরাসরি দেখা যাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ওয়েবসাইটে। সরাসরি সম্প্রচার হবে একাত্তর টেলিভিশনেও।
এই আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা এ বি আজিজুল ইসলাম, শিক্ষক-কলামনিস্ট সলিমুল্লাহ খান, সাবেক কূটনীতিক নাসিম ফেরদৌস, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন আলোচনায় অংশ নেবেন।
নারীনেত্রী মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম, নিজেরা করি’র প্রধান খুশি কবির এই আলোচনায় অংশ নেবেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকছেন সাংবাদিক আমানুল্লাহ কবীর, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুও।
