অবৈধভাবে মালয়শিয়া যাওয়ার চেষ্টা, আটক ৫৭
অবৈধভাবে মালয়শিয়া যেতে জড়ো হওয়া ৫৭ জনকে কক্সবাজারের টেকনাফ থেকে আটক করেছে ঊপকূলরক্ষা বাহিনীর (কোস্টগার্ড) সদস্যরা।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফের কচুবুনিয়া বেড়ি বাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আওয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালয়শিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে গত ১৭ জানুয়ারি এই ৫৭ জন চট্টগ্রামে আসেন।
“সেখান থেকে গতকাল নৌপথে টেকনাফ এসে পৌঁছান। কচুবুনিয়া এলাকায় নাফ নদী থেকে তাদের আটক করা হয়।”
আটকদের মধ্যে ১৭ জন নরসিংদী, ১৩ জন নারায়ণগঞ্জ, সাতজন যশোর, তিনজন সিরাজগঞ্জ, তিনজন বগুড়া, তিনজন শরীয়তপুর, তিনজন বরগুনা, দুই জন করে সাতক্ষীরা, মেহেরপুর, কুমিল্লা ও বরিশালের বাসিন্দা।
তাদের সবাইকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা রফিকুল আওয়াল।
