রাত পোহালে জাকের মঞ্জিলে ওরস
ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলের চারদিনব্যাপী বার্ষিক ওরস শুরু হচ্ছে শনিবার।
মুসলমান ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ এই ওরসে আসেন, পীরজাদা খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ও খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী তাদের সাক্ষাৎ দেন।
গত ৩৫ বছর ধরে এই ওরসে আসছেন জানিয়ে ফরিদপুরের সালথা উপজেলার সনাতন ধর্মাবলম্বী গৌর সাহা (৫৬) বলেন, “মানুষে-মানুষে হিংসা-বিদ্বেষ নয়, মানুষকে ভালবেসে ও শ্রদ্ধা জানানোর মাধ্যমেই পরম ঈশ্বরের নৈকট্য পাওয়া যায়।”
তার মতো পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা চিত্ত বড়ুয়াও (৬০) জাকের মঞ্জিলের ‘স্বেচ্ছাসেবক’ হয়েছেন। এখানে এসে তিনি ‘নিজেকে চেনার’ শিক্ষা পেয়েছেন বলে জানালেন।
গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা এন্ড্রু গোমেজ বলেন, “বিশ্বের কল্যাণকামী মানুষের পরম নির্ভরতার এই স্থান। এই মিলন মেলায় এলে ঈশ্বরের মর্মবাণী উপলব্ধি ও চেতনা জাগরিত হয়।”
বিশ্ব জাকের মঞ্জিলের মুখপাত্র শামীম হায়দার শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চারদিনের ওরসে নামাজ, নফল ইবাদত, তেলাওয়াত, মিলাদ, বিশেষ মুনাজাতসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
বিশ্ব জাকের মঞ্জিল ঘিরে একটি বড় এলাকায় এবাদত, আহার, বিশ্রাম, নিরাপত্তা-শৃঙ্খলা, গাড়ি পার্কিং, অগ্নিনির্বাপন, চিকিৎসা সেবা, মিডিয়া সেন্টার এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য কম্পাউন্ড তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ওরসের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়োজিত থাকবেন ‘তিন লক্ষাধিক’ স্বেচ্ছাসেবী।
সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস জানান, ওরসের নিরাপত্তায় ২২০ জন পুলিশের পাশাপাশি র্যাব ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
চারদিনের ওরসে কয়েক লাখ লোক সমাগম হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
আগামী ২৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ওরস।
