সুন্দরবন থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৫১ গুলি উদ্ধার
পূর্ব সুন্দরবন থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৫১ রাউণ্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
শুক্রবার বিকেলে র্যাব-৮ ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা শরণখোলা রেঞ্জের নারকেলবাড়ি এলাকার বনে তল্লাশি করে এসব উদ্ধার করে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দুটি দোনালা বন্দুক, তিনটি একনলা বন্দুক, একটি দশমিক ২২ বোর রাইফেল, বন্দুকের ৪৬টি ও ওই রাইফেলের পাঁচটি তাজা গুলি।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আনোয়ারুল কবীর জানান, এসব অস্ত্র বনদস্যু রেজাউল ওরফে শীর্ষ বাহিনীর সদস্যদের।
গত রোববার রাতে ওই স্থানে শীর্ষ বাহিনীর সাথে র্যাব-৮ এর সদস্যদের সঙ্গে দস্যুদের ব্যাপক গুলি বিনিময় হয়।
নিরাপত্তা জনিত কারণে র্যাব সেরাতে বনে তল্লাশি চালায়নি।
তিনি বলেন, “গত রোববার রাতের ঘটনায় শীর্ষ বাহিনী প্রধান রেজাউল ও তার সহযোগী সালেহ হুজুরসহ অন্তত আটজন বনদস্যু গুলিবিদ্ধ হয় বলে খবর পেয়েছি।”
জেলেদের কাছ থেকে সুন্দরবনের নারকেলবাড়ি এলাকা সংলগ্ন খালে একাধিক লাশ ভাসার খবরও পেয়েছেন তারা।
তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত র্যাব বা কোস্টগার্ড কোন লাশ উদ্ধার করতে পারেনি।
