২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়িঘরে হামলা

রাজশাহীতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 05:24 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নে খাস পুকুর দখল করা নিয়ে দুপক্ষের এই সংঘর্ষে তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে শুকুর আলী (২৯), মফেজ উদ্দিন (৫২), আতরজান (৫০), নজরুল ইসলাম (২৮) ও এলেকা বিবিকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে চিকিৎসক শহিদুল ইসলাম জানান।

আহত অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বাগমারা থানার ওসি আবদুল হামিদ বলেন, “ইউপি চেয়্যারমান আবদুর রশিদের নেতৃত্বে পুকুর দখলের চেষ্টা ও বাড়ি-ঘরে হামলা হয়েছে বলে অভিযোগ পেয়েছি।”

খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

ওসি বলেন, তদন্ত করে এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গোড়সার গ্রামের সেকেন্দার আলী তার সহযোগীদের নিয়ে বেশ কিছুদিন ধরে ওই গ্রামের বড়পুকুরিয়া নামের একটি খাস পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন।

কিছুদিন আগে ইজারায় অনিয়মের অভিযোগ এনে ওই পুকুর নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন ইউপি চেয়ারম্যান রশিদ।

শুক্রবার সকাল ৯টার দিকে তিনি ৩০- ৪০ জন লোক নিয়ে পুকুর দখল করে জাল ফেলে মাছ ধরার চেষ্টা চালান। এ সময় সেকেন্দার আলী ও তার লোকজন বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়।

এক পর্যায়ে চেয়ারম্যানের লোকজন প্রতিপক্ষের তিনটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

অবশ্য ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও হামলা হয়নি বলে দাবি করেছেন।

তার দাবি, চেয়ারম্যান হওয়ার কারণে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলা হয়েছে।