নরসিংদীতে প্রতিমা ভাংচুর
নরসিংদীর পলাশ উপজেলার জিনারদীর সানেরবাড়ি দূর্গা মন্দীরে হামলা চালিয়ে কয়েকটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগের রাতে এ হামলার ঘটনা ঘটে।
পলাশ থানার ওসি মো. মামুনুর রশিদ মণ্ডল বলেন, “এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ দূর্গা মন্দিরের সভাপতি দেবদাস সরকার জানান, পলাশের জিনারদী সানেরবাড়ি এলাকার দূর্গা মন্দিরে রাত আনুমানিক দুটার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালায়।
এক পর্যায়ে মন্দিরের রান্না ঘরে আগুন দিলে তারা টের পান।
“আমরা ছুটে আসলে ১০-১২ জন দুর্বৃত্ত পালিয়ে যায়।”
এর আগে তারা মন্দিরের গণেশ, কার্তিক ও লক্ষ্মীর প্রতিমা ভাংচুর করে।
দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের উপর হামলার পাশাপামি এ ঘটনায় স্থানীয় হিন্দুরা আতঙ্কিত হয়ে পড়েছে।
