ওষুধের দোকান থেকে ছয় পাউন্ড কোকেনসহ গ্রেপ্তার ৬
রাজধানীতে একটি ওষুধের দোকান থেকে ছয় পাউন্ড কোকেনসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাতে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার ওই ওষুধের দোকানে অভিযান চালানো হয়।
উদ্ধার করা কোকেনের দাম আনুমানিক সাড়ে ৪ কোটি টাকা বলে জানান তিনি।
গ্রেপ্তার ছয়জন হলেন মো. কামরুল আলম (৪০), মো. তাহের মণ্ডল ওরফে জবা (৩০), ওষুধের দোকানের মালিক মো. মোশারফ হোসেন ভুইয়া (৪৬), কাজী খলিলুল্লাহ্ মাহমুদ (৪০), মো. মামুন হাওলাদার (৩৪) এবং মো. মোশারফ হোসেন রানা (৪৪)।
পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার ৫ নম্বর রোডে সীমা ফার্মেসিতে ‘মাদক ব্যবসায়ীরা’ বিপুল পরিমাণ মাদক কেনাবেচার জন্য জড়ো হচ্ছে- এমন খবর পেয়ে তারা সেখানে অভিযান চালান।
“গোয়েন্দা পুলিশ সদস্যরা ওই ওষুধের দোকানে ঢুকে দেখতে পান, ফার্মেসির ভেতরের দিকের একটি কক্ষে ছয়জন আলোচনা করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের দুই জন একটি বাদামী রংয়ের কার্টন লুকানোর চেষ্টা করে। বাকিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।”
পরে কার্টনের ভেতরে পুলিশ ছয় পাউন্ড কোকেন পায় বলে মনিরুল ইসলাম জানান।
তিনি বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা ওষুধ তৈরির কাঁচামাল আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত। পাশাপাশি তারা পাচার হয়ে আসা কোকেন সংগ্রহ করে তা বিক্রিও করতো।
এ ব্যাপারে খিলক্ষেত থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
