২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ২

জামালপুরের শরিফপুরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 11:52 AM

Updated : 01 Sep 2026, 12:17 PM

জামালপুর জিআরপি থানার ওসি খোকন চন্দ্র সরকার জানান, শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর সদরের শরিফপুর মুকুল বাজার রেল ক্রসিংয়ে চট্রগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেন একটি  পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়।

এতে পিকআপ ভ্যানের চালক সামস উদ্দিন (৩৬) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া সবজি ব্যবসায়ী দুলাল হোসাইনকে (৩৬) জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে চট্টগ্রাম যাচ্ছিল।

গুরুতর আহত পিকআপের সহকারী পলাশকে (২৩) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায়। তারা জামালপুর সদরের নান্দিনা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন।