রংপুরের চার উপজেলার নির্বাচন স্থগিত
সীমানা নির্ধারণের জটিলতায় তফসিল ঘোষণার কয়েকদিনের মধ্যেই রংপুরের চারটি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।
সদর, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্বাচন স্থগিত সংক্রান্ত আদেশের কপি পাঠানোর কথা নিশ্চিত করেন জেলা প্রশাসক।
গত রোববার প্রথম ধাপে ১০২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরমধ্যে রংপুরের আটটি উপজেলাও ছিল।
নির্বাচন কমিশনের বরাত দিয়ে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে সদর, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে অবহিত করা হয়।
এর জবাবে এই চারটি উপজেলার নির্বাচন স্থগিত করের নির্বাচন কমিশন। বিকালে এ সংক্রান্ত আদেশ পাওয়ায় সন্ধ্যার পর তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, রংপুর সিটি কর্পোরেশনের আয়তন ৫২ থেকে বাড়িয়ে ২০৩ বর্গকিলোমিটার করা হয়। বর্ধিত অংশে সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৭টি, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার একটি করে ইউনিয়নের কিছু অংশ চলে আসে।
২০১২ সালে ২০ ডিসেম্বর সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। এরপর এসব উপজেলার সীমানা নির্ধারণ করা হয়নি।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলেয়া ফেরদৌস নির্বাচন স্থগিতের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
