মোবাইলে ‘হুমকি’ পুলিশও পায়
প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে অপরাধীরাও তা ব্যবহার করতে শুরু করায় তা আইন প্রয়োগকারী সংস্থার মাথা ব্যথার নতুন কারণ হিসেবে দেখা দিয়েছে।
তবে তা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে ‘সাইবার ক্রাইম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের প্রয়োগ’ শীর্ষক এক কর্মশালায় এ কথা জানান তিনি।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদ মর্যাদার এই কর্মকর্তা বলেন,দেশে বর্তমানে সাড়ে ৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী। ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩৩ লাখ। হাতে হাতে ইন্টারনেট-থ্রি জি, যা গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে।
“এটা সাফল্য হলেও প্রযুক্তিকে অপরাধ ও সন্ত্রাসে ব্যবহার করা হচ্ছে,” বলেন তিনি।
সাইবার প্রযুক্তি অপব্যবহার করে পুলিশ, সাধারণ নাগরিক বিশেষ করে নারীদের বিভিন্নভাবে হয়রানির কথা তুলে ধরেন বেনজীর।
“সাইবার প্রযুক্তি ব্যবহার করে বাঁশের কেল্লা বা নিউ বাঁশের কেল্লা ওয়েবসাইটে পুলিশের ওপর কিভাবে হামলা করতে হবে, বোমা কিভাবে তৈরি করতে হবে, তা ছড়ানো হয়।”
গত ২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ওসি থেকে শুরু করে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সারারাত অশ্লীল এসএমএস ও কলের মাধ্যমে হুমকি দেয়া হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।
গত বছরের ৫ মে’র শাপলা চত্বরে অভিযান নিয়ে প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ও বিকৃত তথ্য ছড়ানোর বিষয়টি তুলে ধরেন পুলিশ কমিশনার।
ইনসাইড বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে ওই কর্মশালায় প্রতিষ্ঠানটির পরিচালক তানভীর হাসান জোহা, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আবদুল জলিলও বক্তব্য রাখেন।
কর্মশালায় মোট ২০ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন। তার মধ্যে রাজধানীর ৮টি অপরাধ বিভাগের ৮জন পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা বিভাগের ৪টি জোনের ৮ জন কর্মকর্তা ও ট্রাফিক বিভাগের ৪ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
