হিন্দুদের জন্য পৃথক নির্বাচন পদ্ধতি ফের চালুর দাবি
নিরাপত্তার স্বার্থে হিন্দু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন পদ্ধতি আবার চালু করার দাবি জানিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বাংলাদেশ মাইনরিটি লইয়ারস অ্যাসোসিয়েশন।
সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “হিন্দু সম্প্রদায়ের জীবন ও সম্পদের, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিরাপত্তার স্বার্থে হিন্দু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন পদ্ধতি পুনঃপ্রবর্তনের দাবি করছি।”
এতে বাংলাদেশের প্রত্যেকটি সংসদীয় আসনে হিন্দুদের ভোটে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী নেতা ও মুসলিম সম্প্রদায়ের ভোটে তাদের নেতা নির্বাচন করা হবে।
অবিক্ত ভারত ও পাকিস্তানে ১৯০৯ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত এ নির্বাচন পদ্ধতি চালু ছিল জানিয়ে তিনি বলেন,“আমরা সে নির্বাচন পদ্ধতির পুনঃপ্রবর্তন চাই।”
সংবাদ সম্মেলনে নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার প্রতিবাদ জানানো হয়।
গোবিন্দ বলেন, ১৯৭২ সালের ১০ই জানুয়ারি থেকে এখন পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধ্বংসযজ্ঞের শ্বেতপত্র রাষ্ট্রীয়ভাবে প্রকাশ করতে হবে।
সংখ্যালঘুদের ওপর এসব হামলার ঘটনায় সরকার দলীয়রাও যুক্ত বলে অভিযোগ করেন তিনি।
শুধু জামায়াত-শিবিরের উপর দায় না চাপিয়ে সরকার দলীয় নেতাকর্মীদের পাশাপাশি আর কেউ এসব ঘটনায় সম্পৃক্ত থাকলে তাদের আটক করে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার নিখিলেশ দত্ত ও স্বপন কুমার সরকার উপস্থিত ছিলেন।
