২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবম সংসদ শেষের গেজেট শুক্রবার

পাঁচ বছর আগে যাত্রা শুরুর দিন শুক্রবার নবম জাতীয় সংসদ ভাঙার গেজেট প্রকাশ হচ্ছে, যার মাঝেই শপথ নিয়েছেন দশম সংসদের নির্বাচিত সদস্যরা।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 09:30 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

সংসদ সচিব আশরাফুল মকবুল বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল সংসদের মেয়াদ শেষ হওয়ার গেজেট প্রকাশ করা হবে। মাননীয় স্পিকারের কাছে এ সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলেই গেজেট প্রকাশ হবে।”

সংসদের কার্যপ্রণালি বিধির ৪ বিধিতে বলা আছে, ‘সংসদ-অধিবেশনের সমাপ্তি ঘোষিত হইলে বা সংসদ ভঙ্গ করা হইলে সচিব উক্ত মর্মে একটি বিজ্ঞপ্তি গেজেটে প্রকাশ করাইবেন।’

সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, মেয়াদ পূর্তির আগে রাষ্ট্রপতি সংসদ ভেঙে না দিলে প্রথম বৈঠকের পাঁচ বছর পর সংসদ ভেঙে যাবে।

২০০৯ সালের ২৫ জানুয়ারি যাত্রা শুরু করে নবম জাতীয় সংসদ। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে সংসদ বহাল রেখে সরকারের মেয়াদ শেষের আগেই দশম সংসদ নির্বাচন হয়, যাতে আপত্তি জানিয়ে ভোট বর্জন করে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

গত ৫ জানুয়ারি ভোটের চার দিনের মাথায় শপথ নেন দশম জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা। ওইদিন সংসদের মেয়াদ নিয়ে তৈরি হওয়া বিতর্ক সম্পর্কে সাংবাদিকরা স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।

সেদিন স্পিকার বলেন, “এটি আইনি ব্যাখার বিষয়। আমি কিছু বলতে পারি না।”

তবে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে শিরীন শারমিন বলেন, “নিয়ম অনুযায়ী গেজেট হবে। আমার কাছে ফাইল আসলে সই করে দেব।”

সংসদ বহাল থাকতেই আরেকটি সংসদের সাংসদদের শপথ নেয়া নিয়ে বিতর্ককে ‘অবান্তর’ মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ৯ জানুয়ারি সাংবাদিকদের তিনি বলেন, “দশম সংসদ ২৪ জানুয়ারির আগে বসলে এই প্রশ্ন আসত। কিন্তু যেহেতু তা হচ্ছে না, তাই এ নিয়ে প্রশ্ন তোলাটা অবান্তর।”

একইদিন সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “নতুন সংসদ সদস্যরা শপথ নেয়ার সঙ্গে সঙ্গে নবম সংসদ বিলুপ্ত হয়েছে।”

এক নজরে নবম সংসদ

২০০৯ সালের ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। এ সংসদের শেষ বৈঠক হয় গত ২০ নভেম্বর।

নবম জাতীয় সংসদে মোট কার্যদিবস ছিল ৪১৮, যা দেশের সংসদীয় ইতিহাসে সর্বোচ্চ কার্যদিবসের রেকর্ড। বিল পাসের ক্ষেত্রেও এ সংসদ রেকর্ড করেছে, মোট ২৭১ বিল পাস হয়েছে।

অন্য যে কোনো সংসদের চেয়ে এবারের সংসদে বিরোধী দলের বর্জনেও নতুন রেকর্ড হয়েছে। ৩৪২ কার্যদিবসেই বিরোধী দল অনুপস্থিত থাকে। সংসদে তাদের উপস্থিত ছিল মাত্র ৭৬ কার্যদিবসে।

নবম সংসদের একটি মুহূর্ত, যেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ও খালেদা জিয়া।

নবম সংসদের একটি মুহূর্ত, যেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ও খালেদা জিয়া।

নবম সংসদের একটি মুহূর্ত, যেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ও খালেদা জিয়া।

নবম সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত ছিলেন মাত্র ১০দিন। তবে এ সংসদেই বিরোধী দলীয় নেতা গত ২০ মার্চ এক ঘণ্টা ৫৭ মিনিট বক্তব্য দেন, যা সংসদীয় ইতিহাসে সর্বোচ্চ।

নবম সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩২২ কার্যদিবসেই উপস্থিতি ছিলেন।

প্রথম ও চতুর্থ অধিবেশনে সবচেয়ে বেশি ৩৯ দিন বসে সংসদ। আর ১০ম অধিবেশন স্থায়ী হয়েছিল মাত্র চার কার্যদিবস।

এই নবম জাতীয় সংসদেই যুদ্ধাপরাধের বিচার নিয়ে একটি প্রস্তাব গ্রহণের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়, যার মাধ্যমে স্বাধীনতার চার দশক পর শুরু হয় একাত্তরে মানবতাবিরোধীদের বিচার।

নবম সংসদেই দেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। গত ৩০ এপ্রিল আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এই সাংসদ স্পিকার হন।

দেশের সংসদীয় ইতিহাসে এবারই প্রথম অধিবেশনে সবগুলো সংসদীয় কমিটি গঠন করা হয়। গত ৩১ অক্টোবর পর্যন্ত ৫১টি সংসদীয় কমিটি মোট দুই হাজার ১৬টি বৈঠক করেছে। এসব কমিটির ১৮২টি সাব-কমিটি গঠন করা হয়, যার বৈঠক হয়েছে ১৮২টি।

‘পুরনো’ সাংসদদের বাসা ছাড়তে চিঠি